ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬-এর চ্যাম্পিয়ন হুমাইরা তাফসির সারা

প্রকাশ : 07 Sep 2026
ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬-এর চ্যাম্পিয়ন হুমাইরা তাফসির সারা

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব কার্যালয়ে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্যার জন উইলসন স্কুলের ওয়ারদা ফাতিমা খান এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. জিয়াউল হক রেয়ান।


নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে যোগাযোগ দক্ষতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের খালি মঞ্চে দাঁড়িয়ে তিন মিনিটে বিজ্ঞানের কোনো ধারণা ব্যাখ্যা করতে হয়। এ সময় পাওয়ারপয়েন্ট বা ডিজিটাল নোট ব্যবহার করা যায় না, শুধু হাতে বহনযোগ্য উপকরণ ব্যবহারের সুযোগ থাকে। বিষয়বস্তু, স্পষ্টতা এবং উপস্থাপনার ধরন - এই তিন মানদণ্ডে বিচার করা হয়।


এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ বেড়েছে। ২২টি স্কুলের ৪৪ জন প্রার্থী অংশ নেন, গত বছর যা ছিল ১১টি স্কুলের ৩১ জন। আঞ্চলিক পর্বে ৩৯ জন প্রতিযোগিতা করেন, সেখান থেকে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন।


অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ বলেন, ফেইমল্যাবে কে কতটা জানে তা যাচাই করা হয় না, বরং যা জানে তা দিয়ে অন্যদের আগ্রহী করতে পারে কি না, সেটাই যাচাই করা হয়।


ফাইনালিস্টদের পরিবেশনা মূল্যায়ন করেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ইমপ্রুভমেন্ট আহসানুল আজাদ, আইসিডিডিআর,বি-এর গবেষণা সহযোগী ফারিয়া মারহা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সালেকুল ইসলাম। গ্র্যান্ড ফিনালের আগে ১০ জন ফাইনালিস্ট ২৬ ও ২৭ আগস্ট যুক্তরাজ্যের বিজ্ঞান উপস্থাপক ডালাস ক্যাম্পবেলের পরিচালনায় দুই দিনের মাস্টারক্লাসে অংশ নেন।


জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে হুমাইরা তাফসির সারা ব্রিটিশ কাউন্সিলের খরচে যুক্তরাজ্যের চেলটেনহ্যাম সায়েন্স ফেস্টিভ্যালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ব্র্যান্ড পার্টনারদের পক্ষ থেকে ১০ জন ফাইনালিস্টকেই পুরস্কৃত করা হয়। গো জায়ান চ্যাম্পিয়নকে ১০ হাজার টাকা এবং অন্য নয়জনকে ৩ হাজার টাকা করে ট্রাভেল ভাউচার, গরুর ঘাস ২০ শতাংশ ছাড়ের ভাউচার, প্রথম আলো ১২ মাসের ডিজিটাল সাবস্ক্রিপশন এবং গ্র্যাবগো প্রিমিয়াম ব্যাকপ্যাক ও ক্যাপ প্রদান করে। সনদ প্রদান ও নেটওয়ার্কিং সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সম্পর্কিত খবর

;