বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার ধানক্ষেতে, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

প্রকাশ : 14 Nov 2026
বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার ধানক্ষেতে, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

রংপুর অফিস: পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় এক সাংবাদিকের স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় বোদা-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তাঁর মেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং প্রমিলা রানী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া থ্রি-হুইলারটি সড়কের পাশে ধানক্ষেতে ছিটকে পড়ে। গুরুতর আহত হন চালকসহ যাত্রীরা।


স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাথা, নাক ও মুখে আঘাত পাওয়া অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় মাহমুদা ও তাঁর মেয়েকে রংপুরে এবং প্রমিলা রানীকে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনজনের মৃত্যু হয়। মাহমুদা ও মেয়ের মৃত্যু হয় রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।


দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

;