স্টাফ রিপোর্টার: ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে "Spreading Our Wings Together" শীর্ষক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়।
চুক্তিতে বিমানের পক্ষে সই করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ মাহমুদ এবং এয়ারবাসের পক্ষে এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ইইউ, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও জার্মানির রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
নতুন এই চুক্তির আওতায় বিমান বহরে যুক্ত হবে ৪টি ওয়াইড-বডি এ৩৫০-৯০০ এবং ৬টি ন্যারো-বডি এ৩২১নিও মডেলের উড়োজাহাজ। যদিও আনুষ্ঠানিকভাবে দাম প্রকাশ করা হয়নি, সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে প্যাকেজটির মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার। এই উড়োজাহাজগুলোর ডেলিভারি ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬/৩৭ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে, তবে বাংলাদেশ কিছু উড়োজাহাজ আগেভাগে পাওয়ার অনুরোধ জানিয়েছে।
অনুষ্ঠানে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি। নতুন প্রজন্মের এসব বিমান বাংলাদেশের এভিয়েশন খাতকে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে আরও এগিয়ে নেবে। তিনি আরও বলেন, শুধু আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনকে সফল করা যায় না। বিমানের ভবিষ্যৎ নির্ভর করবে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর। নিরাপত্তা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তুলে বিমানকে প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করার আহ্বান জানান তিনি।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ মাহমুদ বলেন, দেশের বড় জনগোষ্ঠী এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় দেড় কোটি বাংলাদেশির সঙ্গে শক্তিশালী বৈশ্বিক যোগাযোগ প্রয়োজন। এ বাস্তবতায় বহর সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবসম্মত উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। ওয়াইড-বডি এ৩৫০ দিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া রুটে এবং ন্যারো-বডি এ৩২১নিও দিয়ে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের এশিয়ান হাবগুলোতে ফ্লাইট পরিচালনা করা হবে।
এয়ারবাসের নির্বাহী সহ-সভাপতি মনোয়া দ্য সাঁ-এক্সুপেরি বলেন, এ৩৫০ ও এ৩২১নিও-এর সমন্বয়ে বিমানের জন্য কার্যকর একটি বহর কৌশল তৈরি হবে, যা নতুন আন্তর্জাতিক গন্তব্যে সম্প্রসারণ এবং বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, এয়ারবাস কেনার চুক্তি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করবে। এটি অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অর্থের যথাযথ ব্যবহারের প্রতিফলন।
এই চুক্তির মাধ্যমে বিমানের মোট নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা দাঁড়াল ৩৫টিতে। এর আগে ৩০ এপ্রিল ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর আরও ১১টি সহ মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে যার মূল্য প্রায় ৬.৪ বিলিয়ন ডলার। এয়ারবাসের সঙ্গে সহযোগিতা শুধু উড়োজাহাজ কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন প্রযুক্তি, প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব টেকসই এভিয়েশন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৯টি উড়োজাহাজ নিয়ে ঢাকা থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাত্রী ও কার্গো সেবা পরিচালনা করছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের চুক্তির খসড়া অনুমোদন এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (CCT) ও জেনারেল কার্গো বার্ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে ফিরছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি এর বীর রাজনৈতিক ও সাধারণ অংশগ্র ...
স্টাফ রিপোর্টার: পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। মঙ্গলবার ৬ অক্টোবর পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
সব মন্তব্য
No Comments