রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বভাস

প্রকাশ : 07 Oct 2026
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বভাস

স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে। তবে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।


প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিভাগীয় বুলেটিন অনুযায়ী, আজ ঢাকা বিভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি।


আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।


তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে বৃষ্টির বিস্তার আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।


শুক্রবার (৯ অক্টোবর) রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার (১০ অক্টোবর) দেশের আট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নেবে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এবং আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;