পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের এআইজির দায়িত্বে কামারুম মুনিরা

প্রকাশ : 06 Oct 2026
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের এআইজির দায়িত্বে কামারুম মুনিরা

স্টাফ রিপোর্টার: পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। মঙ্গলবার ৬ অক্টোবর পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কামারুম মুনিরা পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবেও তিনি দায়িত্ব পেয়েছেন।


পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পুলিশের বিভিন্ন কার্যক্রম, সংবাদ বিজ্ঞপ্তি, গণমাধ্যমে তথ্য সরবরাহ এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভাগ থেকেই নিয়মিত পুলিশের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।


কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠ পর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সিআইডি থেকে তাকে পুলিশ সদর দপ্তরে বদলি ও পদায়ন করা হয়। সেখানে তিনি বিভিন্ন সময়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।


নতুন দায়িত্ব প্রসঙ্গে কামারুম মুনিরা গণমাধ্যমকে বলেন, নতুন দায়িত্বটি পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চাই। পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয়। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


এদিকে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেনকে পুলিশ সদর দপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।

সম্পর্কিত খবর

;