আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০১ ডলার ছাড়াল

প্রকাশ : 07 Oct 2026
আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০১ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০১ ডলার অতিক্রম করেছে।


বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০১.৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮২ সেন্ট বা ০.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯০.২৫ ডলারে বেচাকেনা হচ্ছে। 


আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, বুধবার তেলের দাম বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে— যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে ধেয়ে আসা ঝড় এবং সৌদি আরবে হুথিদের হামলা, যা মধ্যপ্রাচ্য থেকে বাড়তি সরবরাহের ইতিবাচক প্রভাবকে ছাপিয়ে গেছে।


মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মার্কিন পূর্বাভাসকরা মঙ্গলবার জানান, ঝড়টি দুই দিনের মধ্যে হারিকেনে পরিণত হয়ে তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত হানতে পারে। 


ঝড়ের গতিপথে থাকা উপসাগরীয় অফশোর এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫ শতাংশ হয়। এতে উপকূলীয় অঞ্চলের ছয়টি শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 


যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো দেশটির মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করে। দেশটির মোট পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল। 


এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যের বরাতে জানানো হয়েছে, ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে, তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে। 


অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সৌদির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান মঙ্গলবার জানান, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। বৈশ্বিক কমোডিটি জায়ান্ট ভিটলের প্রধান জানান, গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি ট্যাংকারে রপ্তানি হয়েছে। 


তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও ভূরাজনৈতিক উত্তেজনা কমেনি। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়। অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।


বাজার বিশ্লেষকদের মতে, ঝড়জনিত পরিশোধন ব্যাহত এবং হামলার ঝুঁকি পরিশোধন মার্জিন বাড়িয়ে রাখবে এবং ঘাটতি ক্রুডের দামে প্রতিফলিত হবে। ফলে কোনো বড় ধরনের উত্তেজনা প্রশমন না হলে দাম ১০০ ডলারের আশপাশেই থাকবে বলে মনে করছেন তারা।


সম্পর্কিত খবর

;