রিনা মুর্মুকে সভাপতি ও হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করে ছাত্র ফ্রন্টের কমিটি

প্রকাশ : 08 Oct 2026
রিনা মুর্মুকে সভাপতি ও হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করে ছাত্র ফ্রন্টের কমিটি



বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে ২১তম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রিনা মুর্মু এবং সাধারণ সম্পাদক হিসেবে হারুন-অর-রশিদ নির্বাচিত হয়েছেন। গত ২-৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ২০তম কাউন্সিলের মাধ্যমে ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়, যা আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।


বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে জাতীয় শহীদ মিনারে আলোচনা সভা, নতুন কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিদায়ী সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাম-প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, প্রবীণ জননেতা, মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। সম্মেলনের উভয় পর্ব পরিচালনা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।


উদ্বোধনী বক্তব্যে কমরেড খালেকুজ্জামান বলেন, এদেশের ছাত্র-জনতা বারবার বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান ঘটায় কিন্তু বৈষম্যহীন শোষণমুক্ত সমাজের স্বপ্ন বারবার হাতছাড়া হয়ে যায়। এর কারণ সঠিক নেতৃত্ব ও আদর্শের অভাব। আগামী দিনে যে গণঅভ্যুত্থান হবে, তা হতে হবে সমাজতন্ত্রের আদর্শবাদী শক্তির নেতৃত্বে, তবেই জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধিত হবে।


বিকালের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, শ্রীলঙ্কার সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়ন (SSU) এর ন্যাশনাল কমিটির সদস্য ডিলান আরোসা, অল নেপাল ন্যাশনাল ইনডিপেনডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন ANNISU (Revolutionary) এর সহ-সভাপতি কৃষ্ণ বাহাদুর সোনার এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মুর্মু।


সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রব্যবস্থা আজ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের মধ্য দিয়ে অতিক্রম করছে। উন্নয়ন ও প্রবৃদ্ধির পরিসংখ্যানের আড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার থেকে বঞ্চনার বাস্তবতা স্পষ্ট। ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও তা এখনো মোট দেশজ উৎপাদনের ২ শতাংশের আশপাশে রয়েছে।


নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনার প্রবণতা থেকে বের করে এনে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পর্যাপ্ত সরকারি বিনিয়োগ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের উন্নয়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, আবাসন-পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানো জরুরি। শিক্ষা যদি ক্রমশ ক্রয়ক্ষমতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সমাজে বিদ্যমান বৈষম্য আরও গভীর হবে।


সম্মেলন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। একইসাথে দক্ষিণ এশীয় বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলে শিক্ষা ও সংস্কৃতির ওপর নয়া উদারনৈতিক আক্রমণ, শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে এবং যুদ্ধের বাজেট কমিয়ে শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধির আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।


নবগঠিত ২১তম কেন্দ্রীয় কমিটি (১৬ সদস্য):


সভাপতি: রিনা মুর্মু, সহ-সভাপতি: অনিক কুমার দাস, সাধারণ সম্পাদক: হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক: ইনজামামুল, অর্থ সম্পাদক: অদিতি ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: গোলাম মাওলা

স্কুল বিষয়ক সম্পাদক: সারমিন সুলতানা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক: সোহাগী সামিয়া। 

সদস্য: বিশ্বজিৎ নন্দী, মিরাজ উদ্দিন, সুজন আহমেদ, রাজিব সূত্রধর, তানজিল হোসেন মুনীম, সাইফুল ইসলাম।

সম্পর্কিত খবর

;