এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে মশাল মিছিল

প্রকাশ : 07 Oct 2026
এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে মশাল মিছিল


চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের চুক্তির খসড়া অনুমোদন এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (CCT) ও জেনারেল কার্গো বার্থ (GCB) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবন এলাকায় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ আয়োজনে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলে বন্দর পরিচালনায় দেশীয় সক্ষমতা ও শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বন্দরকে বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।


জানা গেছে, গত ১ অক্টোবর মন্ত্রিসভা এনসিটিকে বিদেশি কোম্পানির সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির জন্য নীতিগত অনুমোদন দেয়। আন্দোলনকারীদের দাবি, টার্মিনালটি দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং লাভজনক হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী।


বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, ৮ অক্টোবর কোনো চুক্তি করার পদক্ষেপ নেওয়া হলে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।


মশাল মিছিল শেষে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;