একনেকে ১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রকাশ : 07 Oct 2026
একনেকে ১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।


বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম একনেক সভা এবং বর্তমান সরকারের দশম সভা।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডগুলোতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।


এছাড়া রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে, যা গাজীপুরের নাগরিক সুবিধা বাড়াবে।


পরিবহন খাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে রেলের বহরে নতুন ইঞ্জিন যুক্ত হবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে গতি বাড়বে।


বৈদেশিক মিশন সংক্রান্ত প্রকল্পের মধ্যে প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প রয়েছে।


সড়ক ও সেতু খাতে পঞ্চগড়ের ভজনপুর-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প এবং পার্বত্য এলাকার যোগাযোগ উন্নয়নে থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।


সামাজিক ও গ্রামীণ উন্নয়নে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি প্রকল্প এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।


জ্বালানি খাতে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।


একনেক সূত্রে জানা গেছে, ১৩টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প, সংশোধিত প্রকল্প এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে, যা দেশের নগর উন্নয়ন, যোগাযোগ, জ্বালানি এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর

;