ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

প্রকাশ : 27 Nov 2026
ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। 


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলা হয়। পুলিশ জানিয়েছে, দেশীয় অস্ত্র হাতে দুজন ব্যক্তি হোটেলে প্রবেশ করে নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 


নাঈমুরের চিৎকার শুনে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী মো. হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আহত তিনজনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। 


নিহত নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই বসবাস করতেন। 


আহতদের মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং মো. হাসানের পেটে ছুরিকাঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 


ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মিয়া জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 


সম্পর্কিত খবর

;