রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

প্রকাশ : 27 Nov 2026
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

রাজশাহী অফিস: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে আনা এই জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়।


এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে ৪৮টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি দুটি চালানে এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি সাতটি চালানে আনা হয়েছে। এর আগে অষ্টম চালানটি গত ২৪ নভেম্বর প্রকল্প এলাকায় পৌঁছেছিল।


রাশিয়ার প্রযুক্তি ও সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ ধরনের রিঅ্যাক্টরযুক্ত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।


এদিকে, জ্বালানি আমদানির পাশাপাশি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়। প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানিয়েছেন, এই পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পরীক্ষা করা হচ্ছে।


এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে শুরু হয়ে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে চলা পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে তার আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, নিরাপত্তা মূল্যায়ন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে হবে।


সব মিলিয়ে ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। এখন পূর্ণাঙ্গ উৎপাদনের অপেক্ষায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।


সম্পর্কিত খবর

;