গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

প্রকাশ : 27 Nov 2026
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

ফরিদপুর অফিস: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার সেখানকার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার রাত থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোয় লেনদেন করতে পারছেন না স্থানীয় গ্রাহকেরা। সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে এ সেবা বন্ধ করা হয়েছে।


আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। এ কারণে সাময়িকভাবে শুধু এ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ সেবা চালু করা হবে।


গোয়েন্দা সংস্থার বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, দেশের বিভিন্ন জেলার মানুষ গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাঁদের মোবাইল হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে। ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য সাময়িক সময়ের জন্য এ সেবা বন্ধ করা হয়েছে।


তবে বন্ধ হওয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, জেলার প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে। কোম্পানি দুটির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চাহিদা অনুযায়ী বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে।


অন্যদিকে ডেইলি স্টারকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। বিএফআইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ডেইলি স্টারকে বলেছেন, গত তিন-চার মাসে জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে সরাসরি জড়িত অ্যাকাউন্টগুলো বন্ধ করতে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছিল। এই সময়ে প্রায় ৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।


দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, এমএফএস প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত লেনদেনের কারণে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার অ্যাকাউন্ট থেকে লেনদেন স্থগিত করেছে। তিনি বলেন, লেনদেন স্থগিতের সিদ্ধান্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে নিয়েছে। কতগুলো অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা চাওয়া হয়নি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনো তথ্য দেয়নি। ২৯ নভেম্বরের মধ্যে এ বিষয়ে কোনো তথ্য বা পরিকল্পনা পাওয়া গেলে বিষয়টি পর্যালোচনা করা হতে পারে।


ডেইলি স্টারকে নগদের চৌরঙ্গী এলাকার পরিবেশক শেখ মুজাহিদুল ইসলাম বলেছেন, স্থানীয় প্রশাসন গতকাল কয়েকটি এমএফএস অপারেটরের এজেন্ট ও পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছে। তিনি বলেন, বৈঠকে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় আর্থিক লেনদেন সীমিত রাখার মৌখিক নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।


বিকাশের করপোরেট কমিউনিকেশন প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম ডেইলি স্টারকে বলেছেন, মোবাইল আর্থিক সেবা নির্দেশিকা অনুযায়ী কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত শেষে ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্টগুলো আবার চালু হবে নাকি স্থায়ীভাবে বন্ধ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


নগদের মিডিয়া ও কমিউনিকেশন প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অ্যাকাউন্ট বা সেবা বন্ধ করার প্রযুক্তিগত সক্ষমতা নগদের নেই।


এদিকে গ্রাহকদের ভোগান্তির চিত্র উঠে এসেছে প্রতিবেদনগুলোতে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে যান ধীমান বিশ্বাস। তাঁর বড় বোন সাথী বিশ্বাস বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।


গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তামান্না তাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনপ্রক্রিয়া শেষ করলেও রকেট অ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন। তিনি জানান, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবার আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে না পারায় আবেদনপ্রক্রিয়া শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।


অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’ গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, গতকাল সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।


দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সক্রিয় অ্যাকাউন্টের গ্রাহকরাও পরবর্তীতে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয়ে টাকা তুলে নিচ্ছেন। এতে এজেন্ট পয়েন্টগুলোতে চাপ বেড়েছে। রতন দাসের বড় ভাই ঢাকা থেকে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ৩ হাজার টাকা পাঠিয়েছিলেন। তিনি বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও টাকা তুলতে পারছেন না। মায়ের ওষুধ কেনা দরকার, দেরি করা যাবে না।


গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনকারীদের অ্যাকাউন্ট বন্ধ করলে সমস্যা নেই। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মোবাইল অ্যাকাউন্ট বন্ধ করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


এই পরিস্থিতির পেছনে রয়েছে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগ লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে মহড়া দেয়। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) আগুন এবং পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। এরপর বিএনপিদলীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।


গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ এখনই ছাড় করা হবে না বলে জানা গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থছাড় বন্ধ থাকবে।


এদিকে আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার নামে গতকাল এক বিজ্ঞপ্তিতে সব থানা ও ট্রেন আবার চালু করার দাবি জানানো হয়েছে। উন্নয়ন বরাদ্দ ও নাগরিক অধিকার নিশ্চিত করারও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত খবর

;