স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে চলন্ত ওই বাসে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে। বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একই রাতে রাজধানীর আরও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ছিটিয়ে আগুন নেভান। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।
রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, বাসে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল তালুকদার জানান, রাত পৌনে ১২টার দিকে কালশী রোডে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে যাত্রী নামিয়ে দিয়ে চালক খালি বাস নিয়ে পার্কিং করতে যাচ্ছিলেন।
একই দিন রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দীর্ঘ চেষ্টার পর রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সাত ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বাসটার্মিনাল এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা জননী পরিবহনের একটি বাসে আগুন লেগে পুরো গাড়ি পুড়ে গেছে। বাসটির সহকারী হেলাল উদ্দিন জানান, ফজরের নামাজের সময় বাসের দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তে যান। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে বাসের দরজা ও জানালার ফাঁক দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। দ্রুত ভেতরে গিয়ে পেছনের একটি আসনে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে আসনটি খুলে বাইরে ফেলে দেন। এর কিছুক্ষণ পরই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির আসনসহ ওপরের অংশ পুড়ে যায়। বাসটির মালিক আমজাদ হোসেন বলেন, মাত্র দেড় মাস আগে বাসটি কিনে সংস্কার করেছেন। গত ১২ দিন ধরে এটি চলাচল করছে। রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রেজাউল করীম বলেন, খবর পাওয়ার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে জানা যাবে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। আশপাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
রাজশাহী অফিস: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ত ...
স্টাফ রিপোর্টার: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তিটির নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চি ...
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত ও মতপ্রকাশের স্বাধ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এ খাতের উৎপাদনশীলতা ও অর্ ...
সব মন্তব্য
No Comments