শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

প্রকাশ : 14 Nov 2026
শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ভারত সরকারের। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী এই কথা জানান।


আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটাও একটি আইনি প্রক্রিয়া। বাংলাদেশের পক্ষ থেকে যা যা করার ছিল, তা সম্পন্ন করা হয়েছে। এখন ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটাই দেখার বিষয়।


আলোচিত এই মামলার আইনি দিক তুলে ধরে আইনমন্ত্রী সাফ জানিয়ে দেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা ইতিমধ্যে পেরিয়ে গেছে।


আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনা করার আইনগত কোনো সুযোগ আপিল বিভাগের নেই। কারণ, বিশেষ আইনে সেই সুযোগ রাখা হয়নি। তিনি মন্তব্য করেন, এই আইন তারাই করে গেছেন।


সংবিধানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের সংবিধান সংশোধনী ও আইনের ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার দাবির ওপর বিধিনিষেধ রয়েছে। তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন। আবার আইনটির সংশোধন শেখ হাসিনাই করেছেন বলেও উল্লেখ করেন তিনি।


দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য পরিচালিত তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করছে। সরকার সেখানে হস্তক্ষেপ করে না। তারা যখন প্রয়োজন মনে করবে, তখন পদক্ষেপ নেবে।


তিনি আরও জানান, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার। রাজনৈতিক দর্শন বা আদর্শে ভিন্নমত থাকলেও প্রজাতন্ত্রের কাজে কোনো রাজনৈতিক আদর্শ টেনে না আনার আহ্বান জানান আইনমন্ত্রী।


একই অনুষ্ঠানে ভূমি রেজিস্ট্রেশন সেক্টর প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, এ থেকে তাদেরই বের হতে হবে। সাবরেজিস্ট্রার বিভাগকে হয়রানিমুক্ত করা হবে। এরপরও হয়রানি হলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

;