মিরপুরে দিনদুপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রকাশ : 18 Nov 2026
মিরপুরে দিনদুপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামের এক নারী পোশাক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবারের বিরতিতে কারখানা থেকে বাসায় ফিরছিলেন নুপুর। পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারী পোশাক শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


একই তথ্য নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, হামলার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ জানিয়েছে, দুপুরে মিরপুর ১০ নম্বর ট্রাফিক বক্সের সামনে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


সম্পর্কিত খবর

;