ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে ২ হাজার ভরি স্বর্ণ চুরি

প্রকাশ : 28 Nov 2026
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে ২ হাজার ভরি স্বর্ণ চুরি

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার ওই শপিং মলের পূরবী জুয়েলার্স নামে দোকানটিতে চুরি হয়।


জানা গেছে, গভীর রাতে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর দোকানটিতে চুরি করা হয়। পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানের গয়না ও নগদ টাকা নিয়ে যায়।


দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা। তবে চুরি যাওয়া স্বর্ণের সঠিক পরিমাণ ও মূল্য এখনও যাচাই করে দেখছে পুলিশ।


ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।


সঞ্জীব শীল বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।


ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে অন্য চারজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ সময় শপিং মলটি ঘিরে রাখতে দেখা যায় পুলিশকে।


এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


সম্পর্কিত খবর

;