যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

প্রকাশ : 28 Nov 2026
যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে পাঁচ বছর ধরে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মুহাম্মদ ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দেশটির কেন্ট কাউন্টির চ্যাথামের একটি স্থানীয় মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।


গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর যৌন অপরাধ প্রতিরোধসংক্রান্ত বিশেষ আদেশ (সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার) ও ভুক্তভোগীকে সুরক্ষায় স্থায়ী নিষেধাজ্ঞা (রেস্ট্রেইনিং অর্ডার) জারি করেছেন আদালত।


যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৮ সালে প্রথমবার ভুক্তভোগী তার স্বজনদের কাছে নির্যাতনের কথা প্রকাশ করেন। তখন পরিবারের মুখোমুখি হলে ইসলাম প্রথমে অভিযোগ অস্বীকার করেন এবং পরে পুলিশে যোগাযোগ করার কথা বলা হলে ক্ষমা চান বলে জানানো হয়। এরপর ২০২৩ সালে ভুক্তভোগী কেন্ট পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। অভিযোগের পর ইসলামকে গ্রেপ্তার করে একাধিক যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।


এরপর মেইডস্টোন ক্রাউন কোর্টে বিচার শেষে তাকে ছয়টি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কোরআন শিক্ষার সময় নিজের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তিনি শিশুটিকে বারবার নিপীড়ন করেছেন। রায় ঘোষণার সময় বিচারক ভুক্তভোগীর অসাধারণ সাহসের প্রশংসা করেন এবং অভিযুক্তের কর্মকাণ্ডের নিন্দা জানান।


তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল কনর মিডলটন ভুক্তভোগীর সাহস ও ন্যায়বিচার পাওয়ার দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি বলেন, এ ধরনের নির্যাতনের শিকার যে কেউ এগিয়ে এলে পুলিশ তাদের কথা শুনবে, বিশ্বাস করবে এবং সহায়তা করবে।

সম্পর্কিত খবর

;