গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাকশ্রমিকরা। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা মহাসড়ক ছেড়ে চলে যান। এ দিকে কোনাবাড়ীসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকদের একটি মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আতঙ্কে প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টাও করেন শ্রমিকরা। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে এই বিক্ষোভ হচ্ছে। শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তবে অন্যদিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর অনেক কারখানায় শ্রমিকেরা দলে দলে যোগ দেন। যেসব কারখানা খোলা রয়েছে, সেসব কারখানায় শ্রমিকদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে দেখা গেছে।
এ দিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার ৮টি কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতির কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৩০টি কারখানায় একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।
কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, টঙ্গী, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী, ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, বৈরাগীর চালা ও কেওয়াসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে পুলিশ কাজ করছে। তিনি বলেন, দিনের শুরুতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত জেলার পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু করেছেন।
স্টাফ রিপোর্টার: উত্তরের জনপদ পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে নদী অববাহিকা, খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীত ...
স্টাফ রিপোর্টার: নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আসা ...
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ মাসে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু ...
সব মন্তব্য
No Comments