স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। তার বয়স ছিল ১৫ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী তূর্য শুক্রবার রাতে শৌচাগারে যায়। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
মাকে শেষবারের মতো মুখ দেখানোর জন্য শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সন্তানের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানেই মা শেষবারের মতো ছেলের মুখ দেখেন। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা মৃত ছেলের মুখ দেখার সুযোগ পান তিনি।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তার স্ত্রী মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন। এরপর মরদেহ নিয়ে তারা দাফনের উদ্দেশ্যে কারাগার এলাকা থেকে রওনা হন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য তাদের কাছে আবেদন করা হয়েছিল। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা প্যারোলে মুক্তির আবেদন না করে কেবল ছেলেকে শেষবারের মতো দেখার আবেদন করেছিলেন। ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহ পৌঁছানোর পর দেখার ব্যবস্থা করা হয়। দেখা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং শারমিন সুলতানাকে পুনরায় কারাগারের ভেতরে নেওয়া হয়।
এদিকে শারমিন সুলতানা যে প্যারোলে মুক্তির কোনো আবেদন করেননি, তা নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা। তিনি বলেন, এ ধরনের আবেদন পেলে আমরা মানবিকভাবে অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু বর্ণিত ঘটনায় কেউ প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।
এর আগে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে তার স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তূর্য জন্মগত প্রতিবন্ধিতা ও একাধিক শারীরিক জটিলতায় ভুগছিল এবং তার নিয়মিত চিকিৎসা ও সার্বক্ষণিক যত্নের প্রয়োজন ছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, অতীতে তার ১০ থেকে ১২টি অস্ত্রোপচার হয়েছিল। তার খালা শাম্মী জানান, মৃত্যুর আগে তূর্য মায়ের জন্য কাঁদছিল এবং তার কাছে থাকতে চাইছিল। তূর্যের দাদি কোহিনূর বেগম বলেন, মায়ের অনুপস্থিতিতে তূর্য মানসিকভাবে ভেঙে পড়েছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সে বাথরুমে গিয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে তাকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না। মারা যাওয়া সন্তানের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।
গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের ৮ম তলায় শ্রমিক কর্মচারী কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।সারাদেশ থেকে ১১টি শ্রমিক ফেডারেশনের বিভিন্ন সেক্টরের শ্র ...
স্টাফ রিপোর্টার: ১৯৯০ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহান শহীদ তৎকালীন বিএমএ'এ যুগ্ম মহাসচিব ও জাসদনেতা ডা. শামসুল আলম খান মিলনের হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্য ...
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নদী সাঁতরিয়ে পার হতে গিয়ে মেঘনার মাঝ ন ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে মারধর করে ...
সব মন্তব্য
No Comments