মিয়ানমারে বিয়ের ভেন্যুতে বিমান হামলা, নিহত ১৭

প্রকাশ : 28 Nov 2026
মিয়ানমারে বিয়ের ভেন্যুতে বিমান হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে একটি বিয়ের ভেন্যুতে জান্তা সরকারের বিমানবাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। শনিবার সংঘাতপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনাস্থলের ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে, তবে একজন প্রত্যক্ষদর্শী নিহতের সংখ্যা ১৭ পর্যন্ত হতে পারে বলে দাবি করেছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।


বার্তা সংস্থা এএফপির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাটি হয়েছে শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকার একটি গ্রামে। এই এলাকায় বিপুল সংখ্যক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে হামলার পর রক্তাক্ত আহতদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। তবে এএফপি এসব ভিডিও ও ছবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। 


প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, আশপাশে বিমান ওড়ার শব্দ শুনেছিলেন, তবে ভেবেছিলেন তাদের এলাকায় বোমা ফেলা হবে না। তিনি ঘরে ঢোকার পরপরই বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং হামলার স্থানে প্রচুর ধোঁয়া দেখতে পান। তার ভাষায়, বোমাটি একটি বিয়ের বাড়িতে আঘাত হানে, যেখানে দুজন বাস্তুচ্যুত মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল। 


তিনি সাহায্য করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি বলেন, আমি ১৭টি মরদেহ পেয়েছি এবং আরও অনেক আহত হয়েছেন। অন্য গ্রামবাসীদের তোলা ছবিতে ছয়টি ভিন্ন মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। 


খবরে বলা হয়েছে, মো বাই শহর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকায় বিরোধী বাহিনী সক্রিয় রয়েছে। এই ঘটনার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 


উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সব পক্ষ মিলিয়ে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। 

সম্পর্কিত খবর

;