আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থান ও যানবাহন লক্ষ্য করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশসহ বিভিন্ন ফ্রন্টে হামলা চালিয়েছে সরকারি বাহিনী। পাল্টা অভিযোগ করে হুতিরা বলছে, তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশসহ দেশজুড়ে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে ৭২৬টি নির্ভুল অভিযান চালিয়েছে। এসব অভিযানে হুতিদের অবস্থান, সমাবেশ, রসদবাহী বহর ও দুর্গ লক্ষ্য করা হয়। অভিযানে হুতিদের ১২১ জন কমান্ডার ও যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী। এছাড়া হুতিদের ৮১টি সামরিক যান ও যুদ্ধসরঞ্জাম ধ্বংস বা অকেজো করা হয়েছে বলে জানানো হয়েছে।
সরকারি বাহিনীর বিবৃতি অনুযায়ী, অভিযানগুলোর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন হামলা এবং ২৬টি রকেট লঞ্চার হামলা ছিল। এসব অভিযান ‘ফজর আল-ইয়েমেন’ বা ইয়েমেনের ভোর অভিযানের অংশ হিসেবে চালানো হচ্ছে। সরকারি বাহিনী বলেছে, সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে জানানো হয়েছে, শুক্রবার ইয়েমেনের সেনাবাহিনী জানায়, তাদের বিমানবাহিনী দক্ষিণ তায়েজের আল-আকরুদ ফ্রন্টে জাবাল দাহিক পাহাড়ে হুতিদের অবস্থানে হামলা চালিয়েছে। আল-আকরুদ ফ্রন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি তায়েজের দক্ষিণ প্রবেশপথ ও শহরের বড় অংশের ওপর নজর রাখা জাবাল সাবির পাহাড়ের কাছাকাছি। সরকারি সামরিক ওয়েবসাইট সেপ্টেম্বর নেট আরও জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ড্রোন দিয়ে হুতিদের যানবাহনে হামলা চালিয়েছে। তবে এসব হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
তায়েজ প্রদেশে চতুর্থ সামরিক অঞ্চলের আওতায় বিমান সহায়তা ও জনপ্রতিরোধের সহায়তায় সরকারি বাহিনী হুতিদের হামলা প্রতিহত করতে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক লড়াই চালাচ্ছে বলে জানানো হয়েছে। সাবির ও আল-দাবাব ফ্রন্টসহ তায়েজ শহরের পূর্ব ও পশ্চিম ফ্রন্টে হুতিদের অবস্থান, সমাবেশ ও রসদবাহী বহর লক্ষ্য করা হয়েছে। এছাড়া মারিবের উত্তর ও পশ্চিম ফ্রন্ট, আল-জাওফ, তুর আল-বাহা ও আল-মাকাতিরাহ ফ্রন্ট, কিরশ ফ্রন্টের জাবাল তানসুম ও হাওয়ামিরা, মুকাইরাস, আল-দালেহ ও শাবওয়া ফ্রন্টেও হামলার কথা জানিয়েছে সরকারি বাহিনী।
অন্যদিকে হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি দাবি করেছে, সৌদি যুদ্ধবিমান তায়েজের আল-শামায়াতাইন জেলা, সা’দার সাহার জেলার আল-তালহের পশ্চিমাঞ্চল এবং লাহজের আল-কুবাইতাহ জেলায় হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ২৪ ঘণ্টায় সৌদি আরব সানা ও আটটি প্রদেশে ১০৪টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলাগুলো আল-জাওফ, তায়েজ, হাজ্জাহ, সা’দা, হুদায়দা, লাহজ, আল-বায়দা ও দালেহ প্রদেশ এবং রাজধানী সানায় চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তিনি দাবি করেন, এসব হামলায় শিশুসহ কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন।
হুতিদের দাবি অনুযায়ী, শুক্রবার তায়েজ প্রদেশের দক্ষিণে আল-তুরবাহ শহরের একটি আবাসিক ভবনে সৌদি আরবের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। হুতি-পরিচালিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, উদ্ধারকারীরা আটটি মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই স্থানটি আইসক্রিম বিক্রেতাদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো। এছাড়া তায়েজের লোহিত সাগর উপকূলের মোখা জেলায় তিনটি বিমান হামলা এবং লাহজের আল-কুবাইতাহ জেলায় আরও একটি হামলার খবর দিয়েছে হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি টহল দলের ওপর বিস্ফোরণের ঘটনায় আহত এক নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। নিহত ওই কর্মকর্তা হলেন গ্রিন সিটি পুলিশ প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইসকান্দার। স্থানীয় সূত্রের বরাত দিয়ে স্বতন্ত্র ওয়েবসাইট আল-মাসদার অনলাইন জানিয়েছে, গত ২৪ নভেম্বর আল-ফায়ুশ এলাকায় তার টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিস্ফোরণের পরিস্থিতি ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি।
অন্যদিকে, তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশটিতে হুতিদের গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় ৪২ জন নারী ও কিশোরী নিহত এবং আরও ১৬১ জন আহত হয়েছেন। অর্থাৎ এ সময়ে মোট ২০৩ জন নারী ও শিশু হতাহত হয়েছেন। এছাড়া চলমান সামরিক উত্তেজনার মধ্যে কয়েক হাজার নারী বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানিয়েছে ওই দপ্তর। দপ্তরটি হুতিদের বিরুদ্ধে সরাসরি গোলাবর্ষণ, স্নাইপার হামলা ও হত্যাকাণ্ডসহ নারী ও কিশোরীদের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করেছে।
সর্বশেষ খবরে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সকালে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রিয়াদের দিকে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। এর আগে শুক্রবার রাতে সৌদি জোট জানিয়েছিল, তারা পূর্বাঞ্চলের দিকে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের দিকে চারটি ড্রোন প্রতিহত করেছে। জুলাই থেকে তায়েজ, লাহজ ও মারিবসহ বিভিন্ন প্রদেশে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে বলে জানিয়েছে আনাদোলু।
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে একটি বিয়ের ভেন্যুতে জান্তা সরকারের বিমানবাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। শনিবার সংঘাতপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনাস্থলের ছবিতে অন্তত ছয়জনের মরদ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ ...
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণ ...
সব মন্তব্য
No Comments