স্টাফ রিপোর্টার: পুনর্বাসনের ন্যূনতম উদ্যোগ গ্রহণ না করে মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় বলপূর্বক উচ্ছেদকৃত হকারদের বিরুদ্ধে গণগ্রেফতার অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। উচ্ছেদকৃত কর্মহীন হকারদের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মামলা-গ্রেফতার, জেল ও হয়রানিকে চরম অমানবিক রাষ্ট্রীয় নিপীড়ন হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও হকার্স ইউনিয়নের উপদেষ্টা কমরেড জলি তালুকদার, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা হযরত আলী, সহ-সভাপতি শহীদ খান, সহ-সাধারণ সম্পাদক আনিছ পাটোয়ারী, নারী বিষয়ক সম্পাদক শাহীনা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পলাশ খান, সাধারণ সম্পাদক রহিমউল্লাহ রাকিব, মিরপুর আঞ্চলিক কমিটির সমন্বয়ক নাসিরউদ্দিন, মোহাম্মদ নূর, মোহাম্মদ মারুফ শেখ, মোহাম্মদ মুক্তার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডিএমপি কমিশনারের কার্যালয় অভিমুখে যাত্রা করলে হাইকোর্ট সংলগ্ন সড়কে পুলিশ বাধা প্রদান করে। এ সময় ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া হকারদের নেতৃবৃন্দের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি সমবেত কয়েক হাজার হকারকে সংকট নিরসনের বিষয়ে দ্রুত সুরাহার আশ্বাস প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে কমরেড জলি তালুকদার বলেন, অভুক্ত হকারদের অন্ন কেড়ে নিয়েই সরকার ক্ষান্ত হচ্ছে না, গণগ্রেফতার-মামলা-হয়রানির মধ্য দিয়ে তাদের জীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে। হকাররা শখ করে এই পেশা বেছে নেয় নাই, জীবিকার তাগিদে তারা বাধ্য হয়েছে। তাদের উচ্ছেদ করে, মামলা দিয়ে, গ্রেফতার করে জীবিকার পথ বন্ধ করে দিলে পরিবার নিয়ে বেঁচে থাকার আর কোনো উপায় থাকবে না। তিনি হকারদের অপরাধী হিসেবে চিহ্নিত না করে তাদের জন্য নিরাপদ ও সুনির্দিষ্ট ব্যবসার জায়গা ব্যবস্থা করার দাবি জানান। তিনি হকার প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে অবিলম্বে সংকট সুরাহার আহ্বান জানিয়েছেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লাখো হকার পরিবার-পরিজন নিয়ে দৈনিক আয়ের ওপর নির্ভর করে বেঁচে আছে। হঠাৎ উচ্ছেদ তাদের জীবন-জীবিকা ও সন্তানের শিক্ষাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করে, প্রকৃত হকার তালিকা প্রণয়ন, পরিচয়পত্র প্রদান, নির্ধারিত স্থানে বৈধভাবে বসার ব্যবস্থা ও স্থায়ী পুনর্বাসনের দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করার দাবি জানান তারা।
স্মারকলিপিতে হকারদের হয়রানিমূলক মামলা-গ্রেফতার বন্ধ করে আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর-১০ এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা হয় এবং ২৫ জনের বেশি হকারকে গ্রেফতার করা হয় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
স্টাফ রিপোর্টার: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আয়োজন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৬ অক্টোবর ২০২৬, সোমবার দুপুর ১২ টায় নয়াপল্টনস্থ বিএন ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঠাকুরগাঁওয়ে যেই উন্নয়ন বিএনপি করতে পারেনি দাঁড়িপাল্লা নির্বাচিত হলে সেই উন্নয়ন নিশ্চিত হবে। তিনি বলেন, ঠাক ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল ক ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপু ...
সব মন্তব্য
No Comments