স্টাফ রিপোর্টার: তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান। নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
স্থগিতের কারণ জানাতে গিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে। সভাটি রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে, শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় সভাপতিত্ব করার কথা ছিল বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর।
এদিনের বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল। বোর্ডের আগের নোটিশ অনুযায়ী, সভার আলোচ্যসূচির প্রথম বিষয়ই ছিল পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের লিখিত ন্যূনতম মজুরি প্রস্তাব জমা দেওয়া। মালিকেরা মজুরি প্রস্তাব করবেন বলেও জানিয়েছিলেন। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছিল, সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে। কিন্তু সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনও পিছিয়ে গেল।
এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা মজুরির কথা বলা হয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দেবে, সে বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে। বর্তমানে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা রয়েছেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
অসন্তোষ শুরু হয় ৩১ অক্টোবর। শুরুতে শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। তাঁদের অভিযোগ, খাদ্য, বাসা ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালানো যাচ্ছে না। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। তখন মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
বোর্ড গঠনের পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। ৫ নভেম্বরের পর বিক্ষোভ কিছুটা কমলেও ১০ নভেম্বর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে আবার অসন্তোষ তীব্র হয়। রোববার (১৫ নভেম্বর) প্রায় ১২১টি পোশাক কারখানার শ্রমিকেরা উৎপাদনকাজে যোগ দেননি। এর মধ্যে নতুন করে ১০টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে। কারখানা মালিকেরা জানিয়েছেন, সাভারের আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকায় বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও গাজীপুরে অসন্তোষ বেড়েছে।
মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার পর নতুন করে শ্রমিক অসন্তোষ বাড়তে পারে বলে সরকারসহ সংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা রয়েছে। অতীতেও মজুরি নির্ধারণের সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। তবে এবার চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে উদ্বেগ বেড়েছে। উভয় পক্ষের প্রস্তাব যাচাই-বাছাই করে মজুরি বোর্ড চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। সাধারণত মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবের চেয়ে চূড়ান্ত সুপারিশে মজুরির পরিমাণ বেশি থাকে। চলমান অসন্তোষ দ্রুত নিরসনের স্বার্থে নভেম্বরের মধ্যেই নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত চান মালিকপক্ষের প্রতিনিধিরা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, আমরা চাই, মজুরির বিষয়টি যাতে চলতি নভেম্বরের মধ্যে ফয়সালা হয়।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কা ...
স্টাফ রিপোর্টার: চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ দুপুর ১২টায় এটি ১১ দশমিক ...
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণক ...
সব মন্তব্য
No Comments