স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে তাকে সেখানে দাফন করা হয়।
এর আগে এদিন বেলা ৩টা ৩০ মিনিটে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হলে বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় তাকে শেষ বিদায় জানান। জানাজার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাসের শ্রদ্ধা বার্তা পাঠ করেন।
শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার ভাগনে তারাফ তাজিজ খালিদী এবং ভাগনির স্বামী আকিফ আহমেদ মরদেহ গ্রহণ করেন। এরপর মরদেহ নেওয়া হয় মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। তার প্রিয় এই কর্মস্থলে দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত মরদেহ রাখা হয়। সেখান থেকে বাসায় নেওয়া হলে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখেন।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে ৫৯ বছর বয়সে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান। তার ছেলে রাদ শারার খালিদী বাবার মরদেহ নিয়ে শুক্রবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন।
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৫ সালের প্রথমার্ধে ‘বিডিনিউজ’ নামে একটি বার্তা সংস্থা হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তখন দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ তা করত ইন্টারনেটের মাধ্যমে। ২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনা পরিবর্তনের পর তার নেতৃত্বে জুলাই মাসে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ নেয় এবং ২৩ অক্টোবর ২০০৬ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২৪ ঘণ্টার যাত্রা শুরু করে, যা বাংলাদেশে ডিজিটাল সংবাদ যুগের সূচনা করে।
তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতা শুরু ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে তিনি যোগ দেন সানডে এক্সপ্রেসে। পরবর্তীতে তিনি দেশের শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। তিন দশকের বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
স্টাফ রিপোর্টার: ‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে বি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খল ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হলো। পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সা ...
সব মন্তব্য
No Comments