ভারী বৃষ্টি, বন্যা ও তুষারধসে বিপর্যস্ত নেপাল: বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি

প্রকাশ : 28 Sep 2026
ভারী বৃষ্টি, বন্যা ও তুষারধসে বিপর্যস্ত নেপাল: বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে দূতাবাসের পক্ষ থেকে এক সতর্ক বার্তায় এই আহ্বান জানানো হয়।


সতর্ক বার্তায় বলা হয়েছে, সব বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের নেপালে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে হবে এবং আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


দূতাবাস জানায়, অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


এছাড়া মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকার ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে যথেষ্ট অবগত থাকা প্রয়োজন, কেননা এসব সড়ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে বিঘ্নিত হতে পারে। এ কারণে অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নেপালে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। দেশটির মানাং জেলার নার ফু এলাকায় ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে এই তুষারধস আঘাত হানে। 


কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রোববার সকালে সংঘটিত এই তুষারধসে অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা সবাই অভিযানের অগ্রবর্তী দলের সদস্য ছিলেন, যারা বিদেশি পর্বতারোহীদের জন্য তাঁবু স্থাপন করছিলেন। হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চাঁদ ঠাকুর জানান, তার ১৪ জন স্টাফের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 


ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, তুষারধসের পর দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৫ ফুটের বেশি পুরু তুষারের নিচে বেস ক্যাম্পের তাঁবুগুলো চাপা পড়েছে এবং নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কিচেন স্টাফ। 


মানাং জেলার প্রধান জেলা কর্মকর্তা মুক্তি প্রসাদ খানাল জানিয়েছেন, নিখোঁজের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি এবং উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত তুষারপাতের কারণে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার ওই শৃঙ্গে হেলিকপ্টার পৌঁছাতে পারছে না, ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। 


এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল (ইওএএন) জানিয়েছে, হিমালয়ান হলিডেজ নেপালের ৮ জন এবং ইমাজিন নেপাল ট্রেকসের ২ জনসহ মোট ১০ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকায় বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। 


বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নেপালের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।


সম্পর্কিত খবর

;