বোচাগঞ্জে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

প্রকাশ : 28 Sep 2026
বোচাগঞ্জে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা এবং গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়।


রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের মহেশাই বাজার এসএম এডুকেয়ার একাডেমি স্কুল মাঠে মহেশাই মাদকদ্রব্য ও জুয়া প্রতিরোধ কমিটির উদ্যোগে এ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় ছোট সুলতানপুর একাদশ ও দকচাই দল অংশ নেয়। খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ.ন.ম. আব্দুল্লাহ-আল-মতী জাহুরী (মানিক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস মেম্বার, নবাব আলী মেম্বার, জালাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।


আয়োজকরা জানান, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে ধরে রাখার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

;