জলবায়ু অভিযোজন তহবিলের সুবিধা পাচ্ছে কারা?

প্রকাশ : 14 Nov 2026
জলবায়ু অভিযোজন তহবিলের সুবিধা পাচ্ছে কারা?

ফেরদৌস আহমদ, (আন্তালিয়া) তুরস্ক থেকে: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে জলবায়ু অভিযোজনের নামে বিপুল অর্থায়ন পাচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি কমানো, নিরাপদ আবাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এসব প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন উঠেছে, জলবায়ু অভিযোজনের নামে আসা এসব তহবিলের প্রকৃত সুবিধা পাচ্ছে কারা? যাদের জীবন প্রতিদিন জোয়ারের পানি, জলোচ্ছ্বাস, নদীভাঙন কিংবা বাঘের আক্রমণের ঝুঁকিতে কাটে, সেই প্রান্তিক মানুষের জীবনে কতটা পরিবর্তন আসছে?


উপকূলের বাস্তবতা বলছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দরিদ্র জেলে, কৃষক, বনজীবী ও নদীভাঙনে সর্বস্বান্ত পরিবারগুলো। অথচ তাদের অনেকের কাছেই অভিযোজন প্রকল্পের সুফল পৌঁছানোর বিষয়টি এখনো অনিশ্চিত। কোথাও বেড়িবাঁধ নির্মাণ, কোথাও অবকাঠামো উন্নয়ন, আবার কোথাও প্রশিক্ষণ ও জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন হলেও দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর মতো স্থায়ী নিরাপত্তা পাচ্ছেন না বহু পরিবার।


সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন নিত্যদিনের বাস্তবতা। কোথাও লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে কৃষিজমি, কোথাও ভাঙছে বেড়িবাঁধ, আবার কোথাও সুপেয় পানির সংকটে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে নারীদের। সুন্দরবনসংলগ্ন এলাকায় জীবিকার তাগিদে বনে গিয়ে বাঘের আক্রমণের শিকার হচ্ছেন বনজীবীরা। দুর্যোগে ঘরবাড়ি হারানো অনেক পরিবার নতুন করে জীবন শুরু করার মতো সামর্থ্য হারিয়েছে।


অন্যদিকে, এসব এলাকার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বরাদ্দ হচ্ছে কোটি কোটি ডলার। কিন্তু প্রকল্পের অর্থ ব্যয়ের পর কতটি পরিবার স্থায়ী আবাসন পেয়েছে, কতজন বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং কতজন দুর্যোগের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পেরেছে, সেই প্রশ্নের জবাব খুঁজছেন উপকূলের মানুষ।


তহবিলের নামে ঋণের বোঝা নিয়ে আলোচনা এবারের জলবায়ু সম্মেলনেও সামনে এসেছে। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অনুদানের পরিবর্তে ঋণনির্ভর অর্থায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের প্রয়োজন ছিল সহজ শর্তে অনুদান ও ক্ষতিপূরণমূলক অর্থায়ন। কিন্তু ঋণনির্ভর অর্থায়ন বাড়লে শেষ পর্যন্ত সেই অর্থ পরিশোধের দায় এসে পড়ে রাষ্ট্রের ওপর, যার প্রভাব পরোক্ষভাবে সাধারণ মানুষের ওপর পড়তে পারে।


এ প্রসঙ্গে ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু-সহনশীল ঋণ-সুবিধা ও ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। 


শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রায়েবা বেগম ঢাকা মেইলকে বলেন, প্রতি বছর আমরা জলবায়ু সম্মেলনে উপস্থিত থাকি। জলবায়ু সম্মেলনে যে উন্নতির বিষয়, সেটি আমরা জানার চেষ্টা করি। আমরা জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো যে ধরনের সহায়তা পাওয়ার কথা, সে ধরনের সহায়তা আমরা কখনো পাই না। আমাদের যে চাহিদা আছে, সে চাহিদা অনুযায়ী আমরা ১০ শতাংশও পাই না। যা কিছু আমরা পাই, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, আমরা যা কিছু পাই তার ৮৬ ভাগ ঋণ হিসেবে পাই। যেটা আমরা শতভাগ অনুদান হিসেবে পাওয়ার কথা, সেটা আমরা ৮৬ ভাগ পেয়েছি ঋণ হিসেবে, বাকি ৭ ভাগ পেয়েছি অনুদান হিসেবে। বাকি ৭ ভাগ পাই অন্যান্য খাত হিসেবে।


তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে আমরা আরও দেনাদার হয়ে যাচ্ছি। আমরা যদি অনুদান হিসেবে এ অর্থ পাই, তাহলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজে আসবে। অন্যথায় ঋণ হিসেবে আসলে আমাদের দেশে আরও ঋণের বোঝা বাড়বে। আমরা প্রতিবছর রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ফোরাম ও বিভিন্ন কাউন্সিলে এসব বিষয় নিয়ে কথা বলি। কিন্তু যারা দূষণকারী দেশ আছে, তারা এ বিষয়ে সায় দেয় না। তারা দূষণকারী দেশ হিসেবে ক্ষতিপূরণ না দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চায়। তারা তাদের ক্ষতিপূরণের কথার কোনো প্রতিশ্রুতি রাখে না।


তিনি আরও বলেন, আমরা যারা ক্ষতিপূরণ পাওয়ার মতো দেশগুলো আছি, আমরা বারবার বলছি, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা নন-ইকোনমিক লস নিয়ে কথা বলছি। আমাদের যে লস অ্যান্ড ড্যামেজ হয়, যেসব ক্ষতিপূরণ চোখে দেখা যায় না, সেসব ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা মানুষগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। দুর্যোগের কারণে তারা যে ক্ষতিগ্রস্ত হলো, ওই বিষয়টা নিয়ে যদি আমরা তাদের জন্য একটা অনুদানের ব্যবস্থার জন্য কাজ করি, তাহলে তারা কোনোভাবে সহায়তা পেয়ে বেঁচে থাকবে। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে, এমন বিষয় নিয়ে আমরা বারবার কথা বলছি।


তিনি আরও বলেন, এবারের জলবায়ু সম্মেলনে ৩০ মিলিয়ন ডলারের যে অনুদানের কথা বলা হচ্ছে, সে অনুদান আসলে আমরা কতটা পাব, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এ ৩০ মিলিয়ন ডলার কবে দেবে, সেটাও আমরা জানি না। এ অনুদান নিয়ে আমরা শঙ্কায় আছি। আসলেই কি তারা আমাদের এ ৩০ মিলিয়ন ডলার অনুদান দেবে? দিলে সেটা কবে দেবে? যদি এটা তারা আমাদের ঋণ হিসেবে দেয়, তাহলে আমি মনে করি, এ ঋণ আমাদের দরকার নেই।


তিনি আরও বলেন, প্রান্তিক ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে ক্লাইমেট ফান্ড থেকে পাওয়া এ অনুদান পৌঁছানো নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জ আছে। আমরা শুনেছি, ক্লাইমেট ফান্ডের টাকা দিয়ে কোনো কোনো জেলায় পার্ক তৈরি করা হয়েছে, কোনো জায়গায় পাবলিক টয়লেট ও হাসপাতাল তৈরি করা হয়েছে। আমাদের ক্লাইমেট ফান্ডের টাকা খুব সামান্য। সে টাকা দিয়ে যদি এসব কাজ করা হয়, তাহলে ক্ষতিগ্রস্ত যারা আছে, তাদের জন্য এ ফান্ড কোনো কাজে লাগছে না। আমরা চাই, দেশে নতুন সরকার এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করবে। তাহলেই এ ফান্ডের টাকা সঠিক জায়গায় কাজে লাগবে এবং ক্ষতিগ্রস্তরা উপকৃত হবে।


জলবায়ু বিশেষজ্ঞ ও সাসটেইনের নির্বাহী পরিচালক নুসরাত নওশীন বলেন, জলবায়ু সম্মেলনে যত আলোচনা হয়েছে, যত দরকষাকষি হয়েছে, এগুলো সব বাস্তবায়ন করাই এখন আমাদের মূল লক্ষ্য। জলবায়ুকে কেন্দ্র করে বছরজুড়ে কিংবা বিভিন্ন প্রোগ্রামে যা আলোচনা হয়, সবগুলো মূলত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদান দিয়ে ক্ষতিপূরণ করা। প্রতিটি দেশ একটা লক্ষ্য স্থির করতে পারে না যে, আমরা এভাবে একটি রুট তৈরি করব, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলো উপকৃত হবে।


তিনি আরও বলেন, প্রতিটি দেশের প্রত্যেকটা মানুষের নিজেদের দায়িত্ব হচ্ছে তাদের দেশে জলবায়ুকেন্দ্রিক সব বিষয় নিজেরা সামলানো। এ ছাড়া প্রতিটা কাজে জলবায়ু ফান্ডিং দেওয়া দেশগুলোকে সহায়তা করা। তাহলে দেশের এবং দেশের সরকারের মধ্যে জলবায়ুকেন্দ্রিক অনুদান ভালোভাবে কাজে লাগবে। জাতীয় জলবায়ু সম্মেলনের মূল টার্গেট হচ্ছে, প্রতিটা দেশের সরকার তার নিজ দেশের জন্য লড়ে তার দেশে জলবায়ু ক্ষতির জন্য অনুদান নেবে।


তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেসব অনুদান আসে, সেগুলো আসলে ঠিকমতো কাজে লাগে কি না এবং প্রান্তিক ক্ষতিগ্রস্ত লোকগুলো ঠিকঠাকমতো পায় কি না, তা মনিটরিং করতে হবে। জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়া অনুদান আসলে কখন, কীভাবে, কোথায় এবং কারা ব্যবহার করছে, তা পুরোপুরিভাবে দেখভাল করার দায়িত্ব থাকতে হবে।


ক্লাইমেট লিডার ড. সলিমুল হকের এক আইডিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হলো ও ঘূর্ণিঝড়ে বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হলো, তারা সকলেই ঢাকায় চলে আসে। তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়টা মাথা থেকে বাদ দিয়ে নিজের ক্ষতিপূরণ করতে কাজ শুরু করে। কিন্তু উচিত হলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ছোট ছোট শহরগুলোকে দ্বিতীয় শহর হিসেবে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের যে বিষয়ে এখন গুরুত্ব দিতে হবে, সরকার এবং প্রতিটা এনজিও মিলে একসঙ্গে কাজ করলে এসব সমস্যা সমাধান করা যাবে।


উপকূলের মানুষের স্থায়ী আবাসনের প্রশ্ন এখনো বড় চ্যালেঞ্জ। উপকূলীয় অঞ্চলের বহু পরিবার প্রতিবছর জোয়ারের পানি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের কারণে ঘরবাড়ি হারাচ্ছে। কোনো কোনো পরিবার একাধিকবার বসতভিটা হারিয়ে অন্যের জমিতে কিংবা বেড়িবাঁধের পাশে আশ্রয় নিচ্ছে। দুর্যোগের পর সাময়িক সহায়তা মিললেও দীর্ঘমেয়াদি নিরাপদ আবাসনের নিশ্চয়তা নেই।


জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, উপকূল অঞ্চলের মানুষের সকাল শুরু হয় নতুন কোনো দুর্যোগের আশঙ্কায় এবং রাত কাটে ভিটেমাটি হারানোর আতঙ্কে। সুন্দরবনের ওপর নির্ভরশীল এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আজ চরম সংকটে। জোয়ারের পানি, জলোচ্ছ্বাস কিংবা বাঘের আক্রমণ, সব উপেক্ষা করে যারা জীবিকা নির্বাহ করেন, প্রকৃতির সামান্য রোষানলে তাদেরই জীবন দিতে হয় সবচেয়ে চড়া মূল্য। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়লেও এর সবচেয়ে বড় খেসারত দিচ্ছে এই অবহেলিত জনপদের মানুষগুলো।


তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজনের প্রকল্পে শুধু অবকাঠামো নির্মাণ নয়, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দুর্যোগ-সহনশীল বসতবাড়ি নির্মাণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জলবায়ু অভিযোজনের অর্থায়নকে উন্নয়ন সহযোগিতার সাধারণ ঋণ হিসেবে বিবেচনা করা উচিত নয়। যেসব দেশ ও জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি।


তিনি আরও বলেন, সুন্দরবন কেবল আমাদের প্রাকৃতিক ঢাল নয়, এটি লাখ লাখ মানুষের বেঁচে থাকার শেষ ঠিকানা। কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আজ এই ইকোসিস্টেম এবং মানুষ উভয়ই ধ্বংসের মুখে। আন্তর্জাতিক ফোরামে বারবার এ বিষয়ে বলা হলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সেই সুরক্ষার সুফল পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে এই উপকূলীয় সুরক্ষা ও লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষতিপূরণ এবং অভিযোজন তহবিলের প্রসঙ্গ। বিশ্বনেতারা বড় বড় প্রতিশ্রুতি দিলেও প্রশ্ন উঠেছে, এই অর্থ কি আসলেই মাঠপর্যায়ে পৌঁছাবে? অভিযোজন তহবিলের এই অর্থ দিয়ে কেবল নদীর বাঁধ নির্মাণ নয়, বরং উপকূলের এই প্রান্তিক মানুষদের জন্য স্থায়ী আবাসন, বিকল্প কর্মসংস্থান এবং দুর্যোগ-সহনশীল জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।


বাঘের আক্রমণে নিঃস্ব বনজীবী পরিবারগুলোর সংকটও সম্মেলনে আলোচনায় এসেছে। জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন সংস্থা জানায়, সুন্দরবনসংলগ্ন এলাকার মানুষের জীবন-জীবিকা প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। জীবিকার তাগিদে কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া সংগ্রহ করেন, আবার কেউ বনজ সম্পদের ওপর নির্ভর করেন। কিন্তু সুন্দরবনে বাঘের আক্রমণে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পুরো পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে। এ ধরনের পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকলে তাদের দারিদ্র্য আরও গভীর হয়। শুধু তাৎক্ষণিক ক্ষতিপূরণ নয়, বাঘের আক্রমণের শিকার পরিবারের সন্তানদের শিক্ষা, পরিবারের নারীদের কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


তিন জেলায় আবাসন প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে নতুন তথ্য পাওয়া গেছে। পিকেএসএফের আরএইচএল প্রকল্পে উপকূলীয় মানুষের জন্য জলবায়ু-সহনশীল বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা ৩ হাজার। প্রকল্পের জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত অগ্রগতি প্রতিবেদনে নির্মিত হয়েছিল ১ হাজার ৬৪৭টি বাড়ি। তবে পিকেএসএফের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৮০২টি বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রতিটি বাড়ি উঁচু ভিত্তির ওপর নির্মাণ, নিরাপদ স্যানিটেশন, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরবিদ্যুৎ এবং উন্নত চুলার মতো সুবিধা দিয়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলার উপযোগী করার পরিকল্পনা রয়েছে। 


এ ছাড়া প্রকল্পের আওতায় ৪ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে জুন ২০২৬ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৪৯৬টি গাছ লাগানো হয়েছে। প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ আদা চাষ। লবণাক্ততা ও জমির স্বল্পতার কারণে প্রচলিত কৃষিকাজ কঠিন হওয়ায় বস্তায় আদা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।


পিকেএসএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ১৮৮ জন এ উদ্যোগের আওতায় ১ লাখ ৬৬ হাজার ৭৮৫ কেজি আদা উৎপাদন করেছেন। এতে মোট আয় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা। পরিবারপ্রতি গড় আয় ৫ হাজার ৮৭৭ টাকা। এ ছাড়া উঁচু মাচার ঘর নির্মাণের মাধ্যমে ১০ হাজার ২৭৬টি পরিবারকে ছাগল ও ভেড়া পালনে সহায়তা দেওয়া হয়েছে।


খুলনা ও সাতক্ষীরার জলবায়ু অভিযোজন নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে জেন্ডার-রেসপনসিভ কোস্টাল অ্যাডাপটেশন (জিসিএ) প্রকল্প। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় সরাসরি ও পরোক্ষভাবে ৭ লাখ ১৯ হাজার ২২৯ জনের কাছে পৌঁছানোর তথ্য জানিয়েছে ইউএনডিপি। 


প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৪ হাজার ৭২৪টি পরিবার জলবায়ু-সহনশীল জীবিকাপদ্ধতি গ্রহণ করেছে। ১ লাখ ৪৪ হাজার ৫৯৭ জন পেয়েছেন বছরজুড়ে নিরাপদ ও নির্ভরযোগ্য পানির সুবিধা। এ ছাড়া ১৫ হাজার ৭০০টির বেশি জলবায়ু-সহনশীল পানির ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং ৭২০ জন সরকারি কর্মকর্তাকে জলবায়ু ঝুঁকি বিবেচনায় পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৭ লাখ ১৯ হাজার মানুষের হিসাবের মধ্যে সরাসরি ও পরোক্ষ উভয় ধরনের সুবিধাভোগী রয়েছেন। সরাসরি সুবিধা পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫১৬ জন। বাকি ৪ লাখ ৭৩ হাজার ৭১৩ জন পরোক্ষভাবে উপকৃত হয়েছেন বলে প্রকল্পের তথ্যে উল্লেখ রয়েছে।


২০২৬ সালের ২৩ জুন ঢাকায় প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বলেন, টেকসই উন্নয়নের জন্য সমাজের সব পক্ষের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।


প্রকল্পের অর্জন ধরে রাখার বিষয়েও অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর পানির উৎসগুলো সচল থাকবে কি না, জীবিকায়ন কার্যক্রম থেকে পরিবারগুলোর আয় অব্যাহত থাকবে কি না এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো এসব কার্যক্রম পরিচালনা করতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

সম্পর্কিত খবর

;