আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন সংবাদমাধ্যম। চলমান ইসরায়েল-লেবানন সীমান্ত উত্তেজনার মধ্যে দফায় দফায় হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন সাতক্ষীরা সদরের ভল্লুকা চাঁদপুর গ্রামের আফসার আলী ও আলেয়া খাতুনের ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাটাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন নাহারের ছেলে নাহিদুল ইসলাম।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, নিহত দুই যুবক লেবাননে একই কোম্পানিতে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। গত সোমবার দুপুরের দিকে নাবাতিয়েহ এলাকার জেবদিনে তাদের বাসস্থানে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সোমবার মধ্যরাতে তাদের মৃত্যুর খবর পান। একই হামলায় একজন সিরীয় নাগরিকও নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে দিপালি নিহত হন। দূতাবাস সূত্রে জানা গেছে, দিপালি বৈরুতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৪ জনে।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় সাধারণ নাগরিক ও বিদেশি শ্রমিকরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছিলেন। হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
নিহতদের মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। দূতাবাস প্রবাসীদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং জরুরি প্রয়োজনে হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments