ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ

প্রকাশ : 08 Sep 2026
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে যাওয়া এই অভিনেত্রী সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এই অভিযোগ করেন এবং হামলার তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন।


বাঁধন জানান, বর্তমানে তিনি ভেনিসের পাশের শহর মেস্ত্রেতে অবস্থান করছেন। সোমবার সন্ধ্যায় তিনি ভাই ও ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের শিশু সন্তানকে নিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই একদল বাঙালি ব্যক্তি তাকে ঘিরে ধরে হেনস্তা শুরু করেন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার গায়ে পানি, কোক এবং ডিম ছুড়ে মারে, মোবাইল ফোন ছুড়ে ফেলে দেয় এবং শারীরিকভাবে আঘাত করে। তার কানের পাশে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।


প্রকাশিত ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে বাঁধনের দিকে তেড়ে যেতে, ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, 'সে একজন জুলাই জঙ্গি। সে এখন ভেনিসে, আমরা ভেনিস ছাত্রলীগ এই দেশদ্রোহী জঙ্গিকে ধরেছি।' হামলাকারীরা নিজেদের 'বঙ্গবন্ধুর সৈনিক' পরিচয় দিয়ে বাঁধনকে জোর করে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে বাধ্য করেন এবং সেই দৃশ্য লাইভ ও ভিডিও ধারণ করেন। 


বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। হামলাকারীরা তাকে 'জুলাই যোদ্ধা' ও 'জুলাই জঙ্গি' আখ্যা দিয়ে গালাগাল করে। লাইভে বাঁধন বলেন, 'তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি।' 


তিনি আরও জানান, ঘটনার সময় তার সঙ্গে থাকা শিশুটির কথা উল্লেখ করে থামানোর চেষ্টা করলেও হামলাকারীরা থামেনি। একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, 'কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।' বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


ভিডিও বার্তায় আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, 'আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।'


'আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো,' বলেন বাঁধন।


তিনি জানান, ঘটনার পর ভেনিসের স্থানীয় একটি থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে অবস্থান করছেন বলে তিনি শুনেছেন এবং তার কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।


উল্লেখ্য, বাঁধন বর্তমানে রুবাইয়াত হোসেন পরিচালিত 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে রয়েছেন। সিনেমাটি উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে স্থান পেয়েছে এবং ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এই সিনেমায় জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন।


সম্পর্কিত খবর

;