জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

প্রকাশ : 08 Sep 2026
জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি কারামুক্ত হন। কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম এবং জেলার অলিভা শারমিন জানান, দুপুরে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ১২ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।


জানা গেছে, রাজধানীর গুলশান থানায় দায়ের করা ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিক কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


সেই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। মাত্র ১৪ দিনের মাথায় তিনি মুক্তি পেলেন।


এর আগে জামিন চেয়ে আবেদন করলে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নাকচ করে দেন। পরে হাইকোর্টে আবেদন করা হলে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে জানিয়েছেন তার আইনজীবী।


সম্পর্কিত খবর

;