স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল। ভারত সফর শেষে ঢাকায় এসে শনিবার বৃষ্টিবিঘ্নিত দুপুরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতি ও ফুটবল দর্শন ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কোঅর্ডিনেটর নিকোলাস এবং এএফএ একাডেমি ইন্ডিয়ার কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। এর আগে তারা ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এশিয়াজুড়ে আর্জেন্টিনার ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে এই সফর হচ্ছে বলে জানিয়েছে প্রতিনিধি দল।
প্রস্তাবিত একাডেমি প্রসঙ্গে মারিও মার্টিন তুলা বলেন, “আমাদের লক্ষ্য এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে আমরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি। তবে সময় ও সুযোগের বিষয়টি বাংলাদেশের মানুষই ঠিক করবেন।” তিনি আরও জানান, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই তারা এসেছেন।
তুলা জানান, এই দেশে আর্জেন্টিনা জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত রয়েছেন বলে তারা জানেন। সেই ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ফুটবলবিষয়ক কার্যক্রম আয়োজন করতে চান তারা।
তবে একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি কিংবা একাডেমি চালুর সময়সূচি চূড়ান্ত হয়নি। একাডেমিটি কোথায় হবে, কবে কার্যক্রম শুরু হবে এবং কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে, এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রতিনিধি দল।
মেথডোলজি কোঅর্ডিনেটর নিকোলাস বলেন, বাংলাদেশে একাডেমি চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তারা কাজ শুরু করেছেন মাত্র। বাংলাদেশের ফুটবলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একাডেমির মাধ্যমে আর্জেন্টিনার নিজস্ব প্রশিক্ষণ পদ্ধতিতে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চায় এএফএ।
সফরসূচিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠক, সেমিনার ও ফুটবল ক্লিনিক রয়েছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আর্জেন্টিনা প্রতিনিধি দল ঢাকায় একটি সেমিনারে অংশ নেবে এবং একটি ফুটবল ক্লিনিকও করবে। বাফুফে ২৪ ও ২৫ নভেম্বর দুই দিনের সূচি প্রকাশ করেছে।
সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে প্রতিনিধি দলের। বিশ্বকাপ জয়ের পর বিশ্ববিদ্যালয়টিতে আর্জেন্টিনার সমর্থকদের উদযাপন দেশটির মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল বলে উল্লেখ করা হয়েছে।
জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখে এর অবকাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তুলা। তার মতে, স্টেডিয়ামটি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ আয়োজনের উপযোগী। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানায়নি প্রতিনিধি দল।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকার ক্রিকেট পাড়ায় এখন একটাই নাম ঘুরছে — সাইফুল ইসলাম। একজন কোচ। পুলিশ ক্রিকেট দলের কোচ। সাধারণ বীমা স্পোর্টিং ক্লাবের কোচ। আর নিজের একাডেমির মালিক। গত কয়েক মাস ধরে তার বিরু ...
ডেস্ক রিপোর্ট: কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার, ২০ নভেম্বর বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র হ ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ২টি ডি ...
সব মন্তব্য
No Comments