৯ দিন পর ২ শ্রমিক জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১২৯০, নিখোঁজ ৫ হাজারের বেশি

প্রকাশ : 05 Sep 2026
নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১২৯০, নিখোঁজ ৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে গত ২৬ আগস্ট তিব্বত সীমান্তে বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। নেপালের স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবার এই তথ্য জানায়।


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়া, নুয়াকোট, চিতওয়ান, ধাদিং, গোর্খা, তানাহুন ও নাওয়ালপারসি জেলা। শুধু চিতওয়ানেই ৩৪৮টি, নাওয়ালপারসি পূর্বে ২১৭টি এবং নুয়াকোটে ১৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ শিশু এখনো রসুয়া ও নুয়াকোটে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ৯১১টি অজ্ঞাত মরদেহ শনাক্তের জন্য নেপাল পুলিশের ওয়েবসাইটে ছবি প্রকাশ করা হয়েছে। উদ্ধার অভিযানে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য কাজ করছেন এবং এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


এই দুর্যোগের মধ্যেই একটি আশার খবর এসেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বন্যার ৯ দিন পর ত্রিশূলী নদীর ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে ২ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রয়টার্স জানায়, বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত টানেলটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল, সেখান থেকেই তাদের উদ্ধার করা হয়। এই উদ্ধারকে অলৌকিক বলে বর্ণনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।


বন্যায় দেশটির অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্পত্তি, আবাসন ও অবকাঠামো মিলিয়ে ক্ষতির পরিমাণ অন্তত ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ৮টি চালু এবং ৪টি নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ ৪৯ দশমিক ৬ মিলিয়ন ডলারের জরুরি সহায়তার আবেদন করেছে। অস্ট্রেলিয়া তাদের ৩৬ জন নাগরিক নিখোঁজ থাকায় ড্রোন বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।


এদিকে চীন নিরাপত্তার কারণে আজ ৫ সেপ্টেম্বর থেকে তিব্বত-নেপালের মধ্যকার ঝাংমু কাস্টমস চেকপয়েন্ট নতুন স্থানে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। নেপাল সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসার জন্য ত্রাণ প্যাকেজ এবং ঝুঁকিপূর্ণ এলাকার বসতি অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।


সম্পর্কিত খবর

;