আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশ : 05 Sep 2026
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজী হযরত আলীর মালিকানাধীন ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় বাসিন্দারা জানান, ওই দম্পতি কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। তারা সবসময় ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতেন এবং এলাকায় কারো সঙ্গে তেমন মেলামেশা করতেন না। শুক্রবার দুপুরের পর থেকে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। এতে সন্দেহ হলে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।


খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।

সম্পর্কিত খবর

;