চিন্তার কিছু নেই, ইসরায়েলকে আমি দেখভাল করব: ট্রাম্প

প্রকাশ : 03 Sep 2026
চিন্তার কিছু নেই, ইসরায়েলকে আমি দেখভাল করব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্যই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়ছে। ইসরায়েলকে চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তিনি ইসরায়েলের দেখভাল করবেন এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ভালো করছে। প্রয়োজনে ওয়াশিংটন আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


বার্তা সংস্থা আনাদোলুসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, স্থানীয় সময় বুধবার ২ সেপ্টেম্বর ট্রাম্প এসব মন্তব্য করেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কানকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের চিন্তার কিছু নেই। আপনি জানেন কেন? কারণ আমি প্রেসিডেন্ট এবং আমি ইসরায়েলের দেখভাল করব। একই বক্তব্য টাইমস অব ইসরায়েলও নিশ্চিত করেছে, যেখানে বলা হয় ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। 


একই দিনে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া মার্কিন অভিযান খুব বেশি দিন চলবে না। তার দাবি, ইরান হরমুজ প্রণালীতে মাইন পাতার জন্য রকেট তৈরির চেষ্টা করছিল এবং যুক্তরাষ্ট্র তা ধ্বংস করেছে। এছাড়া ইরান তার রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা করছিল, যা মার্কিন হামলার লক্ষ্য ছিল। 


ইসরায়েল ন্যাশনাল নিউজ জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত মঙ্গলবার কেশম দ্বীপ, চাবাহার ও বন্দর আব্বাসসহ হরমুজ প্রণালীর কাছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌ-সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। 


ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন বসানোর ব্যর্থ চেষ্টা এবং জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই অভিযান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান প্রতিশোধ নিলে আরও কঠোর ও উচ্চ মাত্রার হামলা হবে এবং আরও বড় অভিযান প্রস্তুত রয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইরান পরবর্তীতে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যদিও ইসরায়েলে সরাসরি আঘাত থেকে বিরত থাকে।


ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন ইরানকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করছে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীতে প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল যদি হামলার শিকার হয় তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আকাশপথে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

সম্পর্কিত খবর

;