চুক্তি শেষ, বকেয়া ১৬ কোটি টাকা

বন্ধ হলো সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

প্রকাশ : 16 Nov 2026
বন্ধ হলো সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর ধরে চালু থাকা বিনা মূল্যের সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ থাকছে না। তবে সেবাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কার্যালয় ও জনবল এখনো রয়েছে। 


স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এটি পরিচালনার দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। তারা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন। 


সেবাটি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) ই-হেলথ কার্যপরিকল্পনার অধীনে পরিচালিত হতো। দিনে-রাতে যেকোনো সময় ফোন করে মানুষ চিকিৎসাবিষয়ক পরামর্শ পেতেন। ফোনে রোগের উপসর্গ শুনে চিকিৎসকেরা রোগের ইতিহাস জানতে চাইতেন, মৌখিক পরামর্শ দিতেন, প্রয়োজনে এসএমএসে ই-প্রেসক্রিপশন পাঠাতেন এবং বিশেষায়িত হাসপাতালের পরামর্শ দিতেন। 


সেবাটি মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে করোনা মহামারির সময়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে ১ কোটি ২৬ লাখ কল এসেছিল। সিনেসিস আইটির তথ্য অনুযায়ী, চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় তিন কোটি কলের উত্তর দেওয়া হয়েছে। ২০২৫ সালে কল এসেছিল ২৩ লাখ ৪৬ হাজারের বেশি, আর ২০২৬ সালের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কল ছিল ১১ লাখ ২৩ হাজার ৩৮টি, অর্থাৎ গড়ে প্রতিদিন ৬ হাজার ১৩৭টি। 


কেন বন্ধ হলো, সে প্রশ্নে কাগজপত্রে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সিনেসিস আইটির চুক্তির মেয়াদ শেষ হয় ১০ নভেম্বর। চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মেয়াদ বাড়ায়নি। ১২ নভেম্বর সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (এমআইএস) চিঠি দিয়ে কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এবং ওই দিন সন্ধ্যায় সেবাটি বন্ধ করে দেওয়া হয়। 


প্রতিষ্ঠানটির দাবি, সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ায় এবং বকেয়া অর্থ পরিশোধ না করায় সেবাটি চালু রাখা সম্ভব হয়নি। সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ অধিদপ্তরের কাছে ১৬ কোটি টাকা পাওনা আছে। স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নিজাম উদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকারের সময়ে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল, এরপর নতুন করে মেয়াদ বাড়ানো বা নতুন দরপত্র আহ্বান করা হয়নি। তিনি আরও বলেন, প্রায় ১০০ জন চিকিৎসকের বেতন প্রতি মাসেই পরিশোধ করতে হচ্ছে, কিন্তু সরকারের কাছে প্রায় ১৬ কোটি টাকা পাওনা থাকায় ব্যাংকঋণ নিয়ে বেতন দিতে হচ্ছে। 


এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে সিনেসিস আইটির বিল বাকি আছে এবং তারা বকেয়া টাকা চেয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, তারা বিষয়টি দেখছে। তবে এই সেবা খুব শিগগির আবার চালু হবে বলে তিনি আশ্বাস দেন। 


বিকল্প ব্যবস্থা ছাড়াই সেবাটি বন্ধ হওয়ায় বিশেষ করে দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, সব সেবা হাসপাতালে দেওয়া যায় না, টেলিমেডিসিন সেবার সুযোগ এখন বাড়ছে এবং দুনিয়া সেই দিকেই যাচ্ছে। বিকল্প ব্যবস্থা না রেখে এই সেবা বন্ধ হওয়া কিছু মানুষের জন্য ক্ষতির, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য। 


স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নিজাম উদ্দিন আহমেদ বলেন, এটি হাসপাতালের বিকল্প সেবা ছিল না, বরং হাসপাতালের চিকিৎসাসেবার পরিপূরক হিসেবে কাজ করত। ক্যানসার ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় শুধু চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারতেন এবং চিকিৎসকেরা ই-প্রেসক্রিপশনও দিতেন। তাঁর মতে, বিকল্প কোনো ব্যবস্থা চালু না করে সেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ হারিয়েছেন। 


সম্পর্কিত খবর

;