বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব, ঢাকায় ওয়াইজঘাটে চলছে বিসর্জন

প্রকাশ : 21 Oct 2026
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব, ঢাকায় ওয়াইজঘাটে চলছে বিসর্জন

স্টাফ রিপোর্টার: আজ বুধবার শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের আনুষ্ঠানিকতা আজ বিদায়ের সুরে শেষ হচ্ছে।


ঢাকায় আজ বিকেলে শুরু হয়েছে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে রাজধানীর পলাশীর মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজঘাটে পৌঁছাবে। সেখানে বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকার ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী এবং দেশের বিভিন্ন অঞ্চলের নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।


সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা, দর্পণ বিসর্জন, মায়ের বরণ ও সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় দশমী বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জনের পর ভক্তরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপরই প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হয় বিসর্জন ঘাটের উদ্দেশে।


নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সারা দেশে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিসর্জন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। বিসর্জন ঘাটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।


সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে কৈলাস থেকে মর্ত্যে আসেন দেবী দুর্গা, আর দশমীতে ফিরে যান। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর বিষাদমাখা পরিবেশে দেবীকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। বিসর্জনের পর শুরু হবে বিজয়ার কোলাকুলি, প্রণাম ও শুভেচ্ছা বিনিময়।


সম্পর্কিত খবর

;