স্টাফ রিপোর্টার: আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ঢাক-শঙ্খের ধ্বনি আর ভক্তদের বিষাদমাখা প্রার্থনায় আজ বিদায় নেবেন দেবী দুর্গা। শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর দিনগুলোর অবসান ঘটিয়ে আজ বুধবার, ২১ অক্টোবর উদযাপিত হচ্ছে বিজয়া দশমী।
পঞ্জিকা অনুযায়ী, এবছর দশমী তিথি শুরু হয়েছে ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে এবং শেষ হবে ২১ অক্টোবর বুধবার দুপুর ২টা ১১ মিনিটে। বাংলায় প্রচলিত রীতি অনুযায়ী সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের জন্য ২১ অক্টোবর তারিখটিই নির্ধারিত হয়েছে। অন্য পঞ্জিকা মতে দশমী তিথির সমাপ্তি ২১ অক্টোবর রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত থাকলেও বিহিত পূজা ও অপরাজিতা পূজার শুভ মুহূর্ত সকালেই সম্পন্ন করার বিধান রয়েছে।
বুধবার সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে বিজয়া দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেবেন ভক্তরা। ২০২৬ সালের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ছয় দিনের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই এ দিন আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে বিরাজ করে বিদায়ের বিষাদ। বিসর্জনের আগে বিভিন্ন মণ্ডপে সনাতনী নারীরা সিঁদুর খেলায় অংশ নেবেন। দেবীকে সিঁদুর নিবেদন করে একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে উঠবেন তাঁরা। সনাতন শাস্ত্রমতে, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় চড়ে এবং গমন হবে নৌকায়। দেবীর এই আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে নানা ধর্মীয় ব্যাখ্যা প্রচলিত রয়েছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই এবার প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরিষদ জানিয়েছে, বিজয়া দশমীর দিন বিকেল ৩টায় প্রতিমা বিসর্জন এবং সারা দেশে বিজয়ার শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেবী বিসর্জন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের অসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়া। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ও এ উৎসবের অন্যতম শিক্ষা। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজায় টানা ছয় দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন চলে। বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং রাজধানীসহ সারাদেশে আপাতত বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ...
স্টাফ রিপোর্টার: দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টোর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত এবং ...
স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, শারদীয় দুর্গাপূজার মহানবমী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন আজ। এদিন থেকেই শুরু হয় দেবীর বিদায়ের ক্ষণগণন ...
সব মন্তব্য
No Comments