তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, ইতিহাসে দ্রুততম পদক্ষেপ

প্রকাশ : 21 Oct 2026
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, ইতিহাসে দ্রুততম পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তার দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল করেছে, যা প্রশাসনের ব্যাপক অভিবাসন কঠোরতার অংশ হিসেবে করা হচ্ছে। গত ১০ আগস্ট দেওয়া আপডেটে পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্পের বর্তমান মেয়াদ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়ার পর বাতিলের সংখ্যা ১ লাখ ৭৫ হাজারের বেশি ছিল, যা এখন বেড়ে ৩ লাখ ছাড়িয়েছে।


মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।


বার্তা সংস্থা আনাদোলু বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।


পোস্টে তিনি লিখেছেন, ‘৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।’


এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।’


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘৩ লাখের বেশি বাতিলের সাথে, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।’ তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। পররাষ্ট্র দপ্তরের আরেক বিবৃতিতে বলা হয়, যারা ভিসার শর্ত লঙ্ঘন করেছে, অপরাধ করেছে, আমেরিকানদের সাথে প্রতারণা করেছে, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতাকে সমর্থন করেছে বা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে, তাদের ভিসা বাতিল করা হচ্ছে।


অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে কমপক্ষে ৪ হাজার ভিসা বাতিল করা হয়েছে ‘বার্থ ট্যুরিজমে’ জড়িত বিদেশি নাগরিকদের, যারা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করেছেন।


টমি পিগট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর অধীনে, পররাষ্ট্র দপ্তর এখন ২ লাখ ৫০ হাজারের বেশি ভিসা বাতিল করেছে — এটি একটি ঐতিহাসিক মাইলফলক যা আমেরিকান জনগণকে রক্ষা করার প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে। প্রতিটি ভিসা সিদ্ধান্তই একটি জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত।’ তিনি আরও যোগ করেন, ‘অভূতপূর্ব মাত্রায় ক্রমাগত যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা তাদের চিহ্নিত ও অপসারণ করছি যারা অপরাধ করে, সন্ত্রাসবাদকে সমর্থন করে, আমেরিকানদের প্রতারণা করে বা আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করে।’


সম্পর্কিত খবর

;