সৌদি আরবে নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু নিহত - ভূপাতিতের হুথি দাবি অস্বীকার

প্রকাশ : 18 Oct 2026
সৌদি আরবে নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু নিহত - ভূপাতিতের হুথি দাবি অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ রোববার (১৮ অক্টোবর) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।


বিবৃতিতে বলা হয়, একটি নজরদারি এএইচ-৬আই হেলিকপ্টার কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় বিধ্বস্ত হয়। 


এর একদিন আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, তাদের যোদ্ধারা নাজরানে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন, যেটি তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। হুথি মুখপাত্র শনিবার এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, হুথি বাহিনী নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে যখন এটি সীমান্তে তাদের অবস্থানকে লক্ষ্য করে শত্রুতামূলক কার্যকলাপ চালাচ্ছিল।


হুথিদের এই দাবির প্রায় একদিন পর সৌদি আরব তাদের হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য স্বীকার করলেও কারণ হিসেবে কারিগরি ত্রুটির কথা বলেছে। রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে সৌদি জোট জানিয়েছে। 


সৌদি জোটের মুখপাত্র হুথিদের দাবির জবাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করে বলেছেন, "আপনি দাবি করেছেন আপনারা অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। কিন্তু এটি শিগগিরই যুদ্ধে যুক্ত হবে।"


এদিকে নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথিদের হামলার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। 


প্রসঙ্গত, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ একাধিক প্রদেশ দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। হুথিদের হটাতে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চলতি বছরের জুলাইয়ে তা ভেস্তে যায়। নতুন সংঘাতে উভয় পক্ষে শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

;