ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব দেখতে দর্শনার্থীদের ভিড়

প্রকাশ : 21 Oct 2026
ফরিদপুরে এক মণ্ডপে ২৭৭ প্রতিমা, দুর্গোৎসব দেখতে দর্শনার্থীদের ভিড়

অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণিক কাহিনি, দেবী দুর্গার বিভিন্ন রূপ ও ধর্মীয় উপাখ্যানের শৈল্পিক উপস্থাপনা দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।


বুধবার (২১ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে সাজানো প্রতিমাগুলোতে তুলে ধরা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনি ও ধর্মীয় আখ্যান। দেবী দুর্গার নবদুর্গা রূপের পাশাপাশি মনসামঙ্গল কাব্যের বেহুলার উপাখ্যানও স্থান পেয়েছে এ আয়োজনে। প্রতিমার বৈচিত্র্য, নির্মাণশৈলী ও নান্দনিক সাজসজ্জা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিমা দেখছেন, কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন।


স্থানীয়দের পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন উপজেলা এবং দূর-দূরান্ত থেকে মানুষ এ উৎসব দেখতে আসছেন। আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন এলাকার ভক্তদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত থেকেও দর্শনার্থীরা এ আয়োজন দেখতে আসছেন।


মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে এখানে নিয়মিত দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই আয়োজনের পরিসর বাড়ছে। গত বছর মন্দির প্রাঙ্গণে ২৫১টি প্রতিমা স্থাপন করা হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭টিতে।


কাশিয়ানী থেকে আসা দর্শনার্থী দীপালী রানী বলেন, একসঙ্গে এত প্রতিমা দেখে তাঁর খুব ভালো লেগেছে। প্রতিটি প্রতিমায় আলাদা কাহিনি তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখছেন বলেও জানান তিনি।


মধুখালী থেকে আসা দর্শনার্থী বিনয় কুমার বলেন, প্রতিমাগুলোর নির্মাণশৈলী ও উপস্থাপনা অসাধারণ। দূর থেকে এসেও এমন আয়োজন দেখে তিনি মুগ্ধ। তাঁর মতে, এ ধরনের উৎসব বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।


আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ২৭৭টি প্রতিমার মাধ্যমে ধর্মীয় ঐতিহ্য ও পৌরাণিক ইতিহাস তুলে ধরা হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ উৎসব আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে বলে তাঁরা আশাবাদী।


জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর ফরিদপুর জেলায় মোট ৭৮১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ১৪৭টি মণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ এবং ২৪৭টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যতিক্রমী প্রতিমা বিন্যাসের কারণে আলফাডাঙ্গার কুসুমদি গ্রামের এ মন্দিরটি উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।


দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির পাশাপাশি দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা দর্শন করতে পারেন, সে জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করা হচ্ছে।

সম্পর্কিত খবর

;