বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশ : 21 Oct 2026
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বরিশাল অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে।


আজ (বুধবার) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


চীফ হুইপ বলেন, ৩০ লক্ষ কোটি টাকা পাঁচার হয়ে যাওয়া দেশটির ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়।


বিদ্যুৎ সংকটের বিষয়ে চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকট কাটাতে সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানীতে আগামী ৩ বছরের জন্য করছাড় দিয়েছেন। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে কাজ করতে পারলে ১ বছরের ভিতর বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব।


তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে চীফ হুইপ বলেন, তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারিতে থেকে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে।


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।


আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য দেন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে বরিশাল বিভাগের মহানগর ও বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

;