কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক, হাসপাতালে ভর্তি শিশু

প্রকাশ : 14 Nov 2026
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক, হাসপাতালে ভর্তি শিশু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে এক শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আটক শিক্ষক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। 


পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে শিশুটিকে ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। পরিবারের তথ্য অনুযায়ী, শিশুটি কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের বাসিন্দা এবং মাদ্রাসাটিতে মক্তব শ্রেণিতে পড়াশোনা করত। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এরপর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হলেও মাদ্রাসায় ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়ত। একপর্যায়ে সে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। 


পরিবারের অভিযোগ, মাদ্রাসায় থাকাকালে শিশুটির শারীরিক অসুস্থতাসহ নানা উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তার মাকে মাদ্রাসায় ডেকে নেওয়া হয়। এ সময় ওই শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তার মা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 


ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে তার সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে। শিশুটির দাবি, পরীক্ষার ছুটি হলেও তাকে বাড়িতে যেতে দেওয়া হয়নি। পরিবারের অভিযোগে আরও বলা হয়েছে, শিশুটিকে একাধিকবার নির্যাতনের শিকার হতে হয়েছে। 


বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাকে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমানে অভিযুক্ত শিক্ষক পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সুস্থ হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। 


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। 


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। 



সম্পর্কিত খবর

;