আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির উপকূলের কাছে পরপর ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় ‘কমলা’ বা অরেঞ্জ সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৪ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন দিয়ে ভূমিকম্পের ধারাবাহিকতা শুরু হয়। এরপর কয়েক ঘণ্টার মধ্যে একই এলাকায় একাধিক কম্পন অনুভূত হয়। ভূমিকম্পগুলোর উৎপত্তি সিসিলির উত্তর-পশ্চিমে এওলিয়ান দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ টাইরেনিয়ান সাগরে। ইতালির জাতীয় ভূ-পদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি গবেষণা প্রতিষ্ঠান (আইএনজিভি) এ তথ্য জানিয়েছে।
ইতালির সংবাদমাধ্যম রাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ওই এলাকায় ৩ মাত্রার বেশি অন্তত নয়টি কম্পন রেকর্ড করা হয়েছিল। পরবর্তী প্রতিবেদনে মোট ১২টি ভূমিকম্পের কথা জানানো হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন ছাড়া বাকি ১১টির মাত্রাই ছিল ৩ দশমিক ০-এর বেশি।
আইএনজিভি জানিয়েছে, দুপুর ১২টা ১৯ মিনিটে সবচেয়ে শক্তিশালী কম্পনটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ০ বলা হলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৫ নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য এই কম্পনের মাত্রা ৫ দশমিক ৭ বলে উল্লেখ করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল নিকটতম জনবসতি থেকে ২০ কিলোমিটারেরও বেশি দূরে এবং পালেরমোর কাছের বাগেরিয়া শহর থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কম্পন সিসিলির রাজধানী পালেরমো থেকে শুরু করে কাতানিয়া, মেসিনা, অ্যাওলিয়ান দ্বীপপুঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে। এমনকি মেসিনা প্রণালীর ওপারে ক্যালাব্রিয়া অঞ্চল এবং অ্যাগ্রিজেন্টো থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এওলিয়ান দ্বীপপুঞ্জের আলিকুদি ও ফিলিকুদি দ্বীপের বাসিন্দারাও আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
এদিকে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দফতর থেকে লোকজনকে সতর্কতামূলকভাবে বাইরে বের করে আনা হয়। পালেরমো ও মেসিনা অঞ্চলের সব স্কুল খালি করে দেওয়া হয়। লিপারি দ্বীপে শিক্ষার্থী ও পৌর কর্মীরা ভবন ছেড়ে বেরিয়ে আসেন। এমনকি পশ্চিম উপকূলের ট্রাপানি শহরের একটি আদালত ভবনও খালি করা হয়। তবে এখন পর্যন্ত প্রাণহানি, আহত বা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও সিসিলির স্থানীয় প্রশাসন সুনামির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করেছে। সিসিলির আঞ্চলিক সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান সালভো কচিনা জানিয়েছেন, সিয়াম (SiAM) সুনামি সতর্কতা অ্যাডভাইজরি পর্যায়ে অর্থাৎ কমলা স্তরে জারি করা হয়েছে এবং এর নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। এর আওতায় সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দা এবং পর্যটকদের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার ও উপকূলীয় নিচু এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিসিলি ও টাইরেনিয়ান সাগর এলাকা ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এ অঞ্চলে এওলিয়ান দ্বীপপুঞ্জে সক্রিয় আগ্নেয়গিরি স্ট্রম্বলিও রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের ভূমিকম্পের ধারাবাহিকতা বা সোয়ার্ম সাধারণত টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়ে থাকে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী কম্পনের জন্য সতর্ক থাকতে বলেছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পটি তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে আঘ ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।রয়ট ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পর ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে একটি নিরাপত্তা প্রশিক্ষণকেন্দ্রে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।সোমবার (১৯ অক্ ...
সব মন্তব্য
No Comments