গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী পার্থ

প্রকাশ : 16 Nov 2026
গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী পার্থ

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে কেউ রাজনীতি করতে পারবে না। গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগ পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে।


সোমবার (১৬ নভেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। 


তিনি বলেন, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির দেউলিয়াত্ব প্রমাণ করে। গোপালগঞ্জ ছাড়া আর কোথাও তারা কিছু করতে পারছে না। রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। 


তিনি আরও বলেন, জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করে বাংলাদেশে কেউ আর রাজনীতি করতে পারবে না। 


তিনি আরও বলেন, দেশে ৮ মাসে কোনো ব্যাংক লুট নাই, বিদ্যুতের করাপশন নাই। তাই হাইপ ক্রিয়েট করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তাদের সাংগঠনিক তৎপরতা নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই সহিংস কার্যক্রম করছে আওয়ামী লীগ। সহিংস আন্দোলন করে ফিরে আসতে চায়, এটা পলিটিক্যাল স্টেপ নয়। 


তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, এটা জাতিকে বোঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে। 


এ সময় তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ। 


তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগের রাজনীতিই প্রতিশোধপরায়ণের রাজনীতি। কোনো ফর্মে ফ্যাসিস্ট ফিরে এলে জুলাইয়ের পক্ষে স্ট্যাটাস দেওয়ার জন্য তারা প্রতিশোধ নেবে।


এই মন্তব্যের পটভূমিতে রয়েছে গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে চলা উত্তেজনা। ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার অভিযোগ ওঠে। এরপর ১৫ নভেম্বর সকাল থেকে জেলা শহরে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিলের খবর আসে। ওই কর্মসূচিকে ১৯ নভেম্বরের লকডাউন সফল করার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। একই সময় টুঙ্গিপাড়ায় বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ। 


পরিস্থিতি সামাল দিতে সরকার গত দুই দিনে আইনশৃঙ্খলা নিয়ে দুটি উচ্চপর্যায়ের বৈঠক করেছে। সরকার ধৈর্য ধরে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। 


এই উত্তেজনার পেছনে ১৭ নভেম্বরের তারিখটিও আলোচনায় রয়েছে। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার এক বছর পূর্ণ হচ্ছে। আওয়ামী লীগ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ডাক রয়েছে। 


একই মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গঠনের পর গত আট মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়ায় সরকার কোনো বেআইনি কাজে জড়ায়নি এবং ভবিষ্যতেও জড়াবে না। 


গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই সুযোগে কোনো অনলাইন পোর্টালে কৌশলে বা পরোক্ষভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা উচিত নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠনের কর্মকাণ্ড প্রচার ও প্রসার আইনত নিষিদ্ধ। 


মতবিনিময় সভায় নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রতিনিধিরা এ খাতের বিদ্যমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল না দেওয়া, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন দেওয়া, কেবল অনলাইনের জন্য নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়েছে। 


এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, নিবন্ধন ও ক্রোড়পত্র সংক্রান্ত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। বিষয়গুলো পর্যালোচনার জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠনের পর্যায়ে রয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি রাতারাতি সমাধান না হলেও সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 


সম্পর্কিত খবর

;