মিরপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশ : 30 Sep 2026
মিরপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয় এবং একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে। অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


স্থানীয়দের ভাষ্য, উচ্ছেদের সময় দোকানপাট সরানো নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে কয়েকশ হকার সংগঠিত হয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের ওপর চড়াও হন। তারা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া উচ্ছেদ কাজে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হকারদের ইটপাটকেল নিক্ষেপ করতেও দেখা যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, তিনটি গাড়িতে আগুনের ঘটনায় তাদের ইউনিট কাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ও গোলচত্বর এলাকায় পুলিশের অবস্থান এবং হকারদের জটলা দেখা যায়।


মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারও বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আটক বা হতাহতের আনুষ্ঠানিক তথ্য জানায়নি পুলিশ।


ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অগ্নিসংযোগ ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

;