মোস্তফা মোহসীন মন্টু’র প্রতি শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে

প্রকাশ : 16 Jun 2025
মোস্তফা মোহসীন মন্টু’র প্রতি শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শোক প্রকাশ করেছেন।


বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ১৫ জুন রবিবার বিকাল ৪:৩০ টায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।


গতকাল রাতে  বাদ এ’শা ঢাকাস্থ কাটাবন জামে মসজিদে প্রথম জানাজা, আজ সকাল ৯:৩০ টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ খেলার মাঠে দ্বিতীয় জানাজা, বাদ যোহর ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে দুপুর ২ টায় জাতীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়। জাতীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।


দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহ-সভাপতি কে এম হাবিব, ঐক্য ন্যাপ এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এস এম এ সবুর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করে গভীর শোক প্রকাশ করেন।


এছাড়া বাংলাদেশের সংবিধান প্রণেতা গণফোরাম এর প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেন, সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক,  এডভোকেট সুরাইয়া বেগম, আব্দুল হাসিব চৌধুরী, শাহ নূরুজ্জামান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা গণফোরাম এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে তাঁর মায়ের সমাধিতে সমাহিত করা হয়।


সম্পর্কিত খবর

;