লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

প্রকাশ : 01 Oct 2026
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২৬ ইং চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ধ্রুবতারা কনভেনশন হলে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরীর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূঁইয়া এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন উপ-পরিষদ-২০২৬ এর চেয়ারম্যান খলিলুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও নির্বাচন উপ-পরিষদ এর সদস্য মোঃ এমরান হোসেন, সদস্য এম. এ. রহমান, হাবিব উল্যাহ বাহার, আব্দুর রব, হারুন, মোশারফ হোসেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা শেখ ইছা মিয়া, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি খোরশেদ আলম সহ নৌ-যান, লাইটারেজ ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন এর বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন হোটেল, গার্মেন্টস, সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিক ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


বক্তারা বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর বিভিন্ন কার্যক্রম, নৌপথের শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সংগঠনের আন্দোলন সংগ্রাম গড়ে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বাংলাদেশে নৌ-শ্রমিকদের দাবি আদায়ে একমাত্র শ্রমিকদের সংগঠন লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। বর্তমানে নদী পথের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, ন্যূনতম মজুরি আদায়ে সরকার শ্রমিকদেরকে কোনো ধরনের আইনি সহযোগিতা করেনি। নিয়োগপত্র, পরিচয়পত্র না দিয়েই মালিকরা শ্রমিক নিয়োগ করে, যা শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। চট্টগ্রাম বন্দর চ্যানেলে জেলেদের পাতা মাছ ধরার জালের কারণে জাহাজ চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেও বক্তারা অভিযোগ করেন। প্রায় জেলেরা জাহাজী শ্রমিকদের ওপর আক্রমণ করে বলেও তারা অভিযোগ করেন। বন্দরের চেয়ারম্যান, কোস্ট গার্ড কর্তৃপক্ষ জেলেদের জাল সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেনা বলেও বক্তারা অভিযোগ করেন। বন্দরের চেয়ারম্যানকে বারবার চিঠি দিয়ে বৈঠকে বসে আলোচনা করেও জেলেদের জাল সরানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আগামীতে শ্রমিকেরা লাগাতার আন্দোলন গড়ে তুলবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।


এছাড়া সারাদেশে চলমান অরাজকতা, তেল, গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি সহ নিত্য পণ্যের দাম বাড়ার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেনা বলেও বক্তারা অভিযোগ করেন। সরকার নিজেই তেল গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছেন, সারাদেশে চলমান রাজনৈতিক দলের পরিচয়ে চাঁদাবাজি মরার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে। সরকারকে তাই অবিলম্বে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান বক্তারা।


সভার শেষে প্রধান অতিথি বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে নবগঠিত কমিটির সবাইকে বিপ্লবী অভিনন্দন সহকারে পূর্ণ সমর্থন জানায়। মিজানুর রহমানকে সভাপতি, আফছার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ছলিমুল্লাহ সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২০২৯ইং মেয়াদে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়। একইসাথে নবী আলমকে সভাপতি, সৈয়দ শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ নিজামুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২০২৯ইং মেয়াদে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।


সম্পর্কিত খবর

;