পাঞ্জাবে চলন্ত কর্মভূমি এক্সপ্রেসের ৪ বগিতে আগুন, হতাহত নেই

প্রকাশ : 06 Nov 2026
পাঞ্জাবে চলন্ত কর্মভূমি এক্সপ্রেসের ৪ বগিতে আগুন, হতাহত নেই

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে কেউ এ ঘটনায় আহত বা নিহত হননি। শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।


ভারতের সংবাদ সংস্থা এএনআই ও এনডিটিভি’র বরাতে জানা গেছে, ট্রেনটির নাম ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেস। এটি অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি যাচ্ছিল। ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরা-সিরহিন্দ রেল অংশে, সারাই বানজারা স্টেশনের কাছে দুপুর প্রায় ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। 


উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ার পর ট্রেনটি নিরাপদে থামে। এতে যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। পরে দমকলের গাড়ি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অম্বালা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশনজিৎ সিং জানিয়েছেন, তিনটি বগিতে আগুন লেগেছিল, চতুর্থ একটি বগি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


যাত্রীদের যাতে রেললাইনে আটকে থাকতে না হয়, সেজন্য রেলওয়ে জরুরি স্থানান্তর পরিকল্পনা নেয়। যাত্রীদের প্রায় ৫০০ মিটার হেঁটে কাছের একটি স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকল্প ট্রেনে তাদের নিউ জলপাইগুড়ি বা মাঝপথের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। 


আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক লাইন, যান্ত্রিক ত্রুটি নাকি বাইরের কোনো কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক কারিগরি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মভূমি এক্সপ্রেস একটি আনরিজার্ভড ট্রেন হওয়ায় এতে অভিবাসী শ্রমিক ও নিয়মিত যাত্রীসহ বিপুল সংখ্যক যাত্রী ছিলেন। তা সত্ত্বেও দ্রুত উদ্ধার ও হতাহত শূন্য থাকাকে উল্লেখযোগ্য বলে মনে করছেন কর্মকর্তারা। 


সম্পর্কিত খবর

;