তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২ হাজার ৭৪১ টাকা

প্রকাশ : 06 Nov 2026
তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২ হাজার ৭৪১ টাকা

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে টানা তিনবার স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।


বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি গ্রাম হিসেবে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের ভ্যাটসহ মূল্য ১৯ হাজার ৪৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৯৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ভরি সমান ১১.৬৬৪ গ্রাম হিসাবে ভরিতে রূপান্তর করলে এই দাম দাঁড়ায় যথাক্রমে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।


রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি গ্রাম হিসেবে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রৌপ্যালংকারের ভ্যাটসহ মূল্য ৩০০ টাকা, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৮০ টাকা। ভরিতে রূপান্তর করলে এই দাম দাঁড়ায় যথাক্রমে ৩ হাজার ৪৯৯ টাকা, ২ হাজার ৯১৬ টাকা, ২ হাজার ৯১৬ টাকা এবং ২ হাজার ১০০ টাকা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।


বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকারের এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পাথরসহ ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এ বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।


সম্পর্কিত খবর

;