ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

প্রকাশ : 06 Nov 2026
ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়েছে। 


সময়সূচি অনুযায়ী, পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। ওই দিন ‘আইবিএ ইউনিট’-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘বিজ্ঞান ইউনিট’, ১৯ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ২২ ডিসেম্বর ‘চারুকলা ইউনিট’ এবং ২৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং অন্যান্য ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। 


ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে মূল ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে। চারুকলা ও আইবিএ ছাড়া অন্য তিন ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


অন্যদিকে, চারুকলায় ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন এবং আইবিএতে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে আবেদনকারীকে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক এবং ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয়সহ জিপিএ’র যোগফল ন্যূনতম ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএ’র যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে। এছাড়া চারুকলা ইউনিটের জন্য জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে ৩.০ হতে হবে।


তবে অন্য শাখার শিক্ষার্থীরা ইউনিট পরিবর্তন করে আবেদন করতে চাইলে তাদের জন্য ভিন্ন শর্ত প্রযোজ্য হবে। ভর্তি কমিটির সভায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৮ মার্চ থেকে নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।


সম্পর্কিত খবর

;